সুন্দরবন খুলনা রেঞ্জের পাটকোষ্টা অফিস সংলগ্ন হেলাতলী খালে বন বিভাগের স্মার্ট পেট্রোল টিমের গুলিতে এক জেলে নিহত হওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (১৮ মে) সকালে এ ঘটনা ঘটে এবং এই ঘটনাকে কেন্দ্র করে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।
নিহত জেলের নাম আমিনুর রহমান (৪৫)। তিনি সাতক্ষীরার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রামের আকছেদ গাজীর ছেলে। নিহতের পরিবার জানায়, চারদিন আগে পাস (অনুমতিপত্র) নিয়ে সুন্দরবনে গিয়েছিলেন আমিনুর।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও সঙ্গে থাকা জেলেরা জানান, সকালে দুই নৌকায় চারজন জেলে হেলাতলী খালে কাঁকড়া ধরার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় খুলনা বন বিভাগের স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা তাদের ডাক দেন। জেলেরা ভয়ে বা অন্য কোনো কারণে কাছে যেতে দেরি করলে বন বিভাগের নলিয়ান ফরেস্ট স্টেশন কর্মকর্তা মোবারেক হোসেন সরাসরি গুলি চালান। এতে আমিনুর রহমান কোমরে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুপুরে সহকর্মীরা তার মরদেহ নিয়ে সাতক্ষীরা উপকূলে পৌঁছান।
এ বিষয়ে খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ বলেন, সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা ঠেকাতে কোস্টগার্ডসহ আমাদের অভিযান চলছে। একজন জেলের মৃত্যুর ঘটনাটি আমরা শুনেছি। তিনি কীভাবে এবং কার গুলিতে মারা গেলেন, সে বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের গাবুরা ইউনিয়ন এলাকায়। প্রতিবাদে বন বিভাগ কার্যালয় ঘেরাও করতে রওনা দিয়েছে জেলেরা।









