জামালপুরে কনটেন্ট ক্রিয়েটর পরিচয়ের আড়ালে প্রতারণা করে আসা মনির হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
এ সময় তার কাছ থেকে প্রায় ৬৪ লাখ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার এবং একটি আইফোন উদ্ধার করা হয়। আটক মনির হোসেন জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের চান্দাপাড়া এলাকার মজিবুর রহমানের ছেলে।
পিবিআইয়ের প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন নামে অ্যাকাউন্ট খুলে নিজেকে ‘তান্ত্রিক’ হিসেবে পরিচয় দিতেন মনির। সাধারণ মানুষের কাছে নিজের ‘অলৌকিক ক্ষমতা’ জাহির করে টাকা-পয়সা ও মূল্যবান সামগ্রী হাতিয়ে নেওয়াই ছিল তার মূল উদ্দেশ্য।
একজন ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পিবিআই। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রথমে গাজীপুরের শ্রীপুর থেকে মুসা মিয়া ও রফিকুল ইসলাম নামে দুজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মূল হোতা মনির হোসেনকে ময়মনসিংহের নতুন বাজার এলাকা থেকে আটক করা হয়। গ্রেফতারের পর মনিরের বাড়ির পাশের একটি বাগান থেকে মাটি খুঁড়ে লুকানো স্বর্ণালঙ্কার উদ্ধার করে পুলিশ।
জামালপুর পিবিআইয়ের পুলিশ সুপার পংকজ দত্ত জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনির প্রতারণার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।









