চট্টগ্রামের কর্ণফুলীতে এস আলম গ্রুপের একটি খালি জায়গায় ডিজিটাল ট্রাক স্কেল (ওয়েইব্রিজ) স্থাপনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে নুরুল আবছার ও তাঁর ছেলে নজিবুল হক মো. সৌরভ (২৬) আহত হয়েছেন। তাঁদের দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মইজ্জ্যারটেক টার্ফের পাশে এস আলম গ্রুপের ওই খালি জায়গায় এ ঘটনা ঘটে। আহত সৌরভ কর্ণফুলীর চরপাথরঘাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নজীর মেম্বারের বাড়ির নুরুল আবছারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই জায়গায় ব্যবসা পরিচালনার জন্য আইয়ুব কোম্পানির লোকজন ট্রাক স্কেল স্থাপনের কাজ শুরু করেন। এ সময় নুরুল আবছার বাধা দিলে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা ও একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নুরুল আবছার ও তাঁর ছেলে সৌরভ আহত হন।
নুরুল আবছারের দাবি, আমিন নামের এক ব্যক্তি নিজেকে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপির এপিএস পরিচয় দিয়ে জায়গাটি ভাড়া নেন। তবে শর্ত ছিল, সেখানে স্থানীয়ভাবে কোনো প্রকল্প করা যাবে না। কিন্তু আমিন ৫০ লাখ টাকার বিনিময়ে জায়গাটি আইয়ুব নামের এক ব্যক্তিকে ভাড়া দেন। পরে সেখানে দোকানপাট ও ট্রাক স্কেল স্থাপন করা হয়।
তিনি বলেন, এস আলম গ্রুপের পক্ষ থেকে তাঁকে সেখানে কোনো স্থায়ী স্থাপনা নির্মাণ না করার জন্য বাধা দিতে পাঠানো হয়েছিল। এ সময় আইয়ুব কোম্পানির লোকজন দেশীয় অস্ত্র দিয়ে তাঁকে ও তাঁর ছেলেকে আঘাত করেন। বর্তমানে তাঁরা দুজনই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর ছেলের অবস্থা গুরুতর বলেও দাবি করেন নুরুল আবছার। হাসপাতাল থেকে ফিরে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।
অন্যদিকে আইয়ুব কোম্পানির পক্ষ থেকে বলা হয়, আমিনের কাছ থেকে তাঁদের পার্টনার সুমন প্রথমে এক বছরের জন্য এবং পরে পাঁচ বছরের জন্য জায়গাটি ভাড়া নেন। মাসিক ৫০ হাজার টাকা ভাড়ায় জায়গাটি নেওয়া হয়েছে। সেখানে কোনো স্থায়ী প্রকল্প করা হচ্ছে না। মালিকপক্ষ চাইলে যেকোনো সময় জায়গাটি ছেড়ে দেওয়া হবে।
তাঁদের দাবি, বেশ কিছুদিন ধরে নুরুল আবছার তাঁদের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। টাকা না দিলে জায়গার কিছু অংশ ছেড়ে দেওয়ার কথাও বলেন তিনি। এতে রাজি না হওয়ায় সোমবার সকালে আবছার ও তাঁর ছেলে লোকজন নিয়ে ছুরি হাতে তাঁদের ওপর হামলার চেষ্টা করেন। এ সময় তাঁরা আত্মরক্ষার চেষ্টা করেন। ওই জায়গায় আবছারের কোনো স্বত্ব নেই বলেও দাবি করেন তাঁরা।
এস আলম গ্রুপের জায়গাটির দেখভালের দায়িত্বে থাকা ম্যানেজার আকবর হোসেন বলেন, জায়গাটি তাঁদের কোম্পানির। তবে কাকে ভাড়া দেওয়া হয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না। বিষয়টি হেড অফিস বলতে পারবে। তিনি মূলত কোম্পানির পরিবহন বিভাগের দায়িত্বে রয়েছেন।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ বলেন, খবর পেয়ে দুপুরে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়েছিল। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। বিকেল ৫টার দিকে একজন ফোন করে নিজেকে হাসপাতালে থাকার কথা জানান। তাঁকে থানায় আসতে বলা হয়েছে। এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, কর্ণফুলীর মইজ্জ্যারটেক এলাকায় শাওন ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে আগেও বিভিন্ন ঘটনায় জড়িত থাকার অভিযোগ ছিলো। কিছুদিন আগেও দেশীয় অস্ত্রসহ সেনাবাহিনীর হাতে গ্রেপ্তারের ঘটনাও ঘটেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।









