গোপালগঞ্জে দুর্নীতি দমন কমিশন (দুদক), জেলা কার্যালয় ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন বিষয়ে দুই দিনব্যাপী দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা শুরু হয়েছে।
আজ বুধবার সকাল ১০টায় গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়াম ও সম্মেলন কক্ষে চিত্রাঙ্কণ ও বিতর্ক প্রতিযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।পরবর্তীতে বেলা ১১টায় অনুষ্ঠিত হয় দুর্নীতিবিরোধী রচনা প্রতিযোগিতা।
আয়োজকরা জানান, এবারের বিতর্ক প্রতিযোগিতায় সদর উপজেলার স্বনামধন্য ১৬টি মাধ্যমিক বিদ্যালয়ের বিতার্কিক দল মোট ৪টি বিষয়ের ওপর প্রতিদ্বন্দ্বিতা করছে। তরুণ প্রজন্মের মধ্যে দুর্নীতিবিরোধী সচেতনতা ও নৈতিক মূল্যবোধ সৃষ্টিতেই এ আয়োজন।
আগামীকাল বৃহস্পতিবার বিতর্ক প্রতিযোগিতার সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে। ফাইনাল বিতর্ক শেষে চিত্রাঙ্কণ, রচনা ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে দু’দিন ব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটবে।
# মিজানুর রহমান মানিক, ২৩.০৯.২০২৬









