বুধবার | ১৭ জুন, ২০২৬ | ৩ আষাঢ়, ১৪৩৩

বাজেটকে যারা গণবিরোধী বলে তারা জনগণের বন্ধু হতে পারে না : প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার

জনগণের কল্যাণে প্রণীত বাজেটকে যারা ‘গণবিরোধী’ বা ‘চানাচুরের বাজেট’ বলে আখ্যা দেয়, তারা কখনো জনগণের বন্ধু হতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের জন্য রাজনীতি না করলে জনগণের আস্থা অর্জন সম্ভব নয়।

আজ বুধবার (১৭ জুন) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, আগামী এক বছরের মধ্যে দেশের ৪০ লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড এবং ৪০ লাখ কৃষকের কাছে কৃষক কার্ড পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি উপজেলা পর্যায়ের ৫০ শয্যার হাসপাতালগুলো ধাপে ধাপে ১০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

বাজেট নিয়ে বিরোধীদের সমালোচনার জবাবে তারেক রহমান বলেন, “যে বাজেটে মায়েদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড, শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি এবং ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহারের মতো উদ্যোগ রয়েছে, সেই বাজেটকে যারা গণবিরোধী বলছেন, তারা জনগণের বন্ধু হতে পারেন না।”

তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক শক্তি জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাদের বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “সংসদের ভেতরে কিংবা বাইরে—যারা জনগণকে বিভ্রান্ত করে, তাদের ব্যাপারে সচেতন থাকতে হবে।”

নিম্নআয়ের মানুষের জীবনমান উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা জোরদারে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি তারই অংশ। তিনি দাবি করেন, কৃষক কার্ড, শিক্ষা খাতে বাড়তি বরাদ্দ এবং নিত্যপণ্যের শুল্ক প্রত্যাহারের মতো সিদ্ধান্তগুলো সাধারণ মানুষের স্বার্থকে অগ্রাধিকার দিয়েই নেওয়া হয়েছে।

দেশ থেকে অর্থ পাচার বন্ধে কঠোর অবস্থানের কথাও তুলে ধরেন তারেক রহমান। তিনি বলেন, গত ১৭ বছরে জনগণের বিপুল অর্থ বিদেশে পাচার হয়েছে। সেই পরিস্থিতির পুনরাবৃত্তি আর হতে দেওয়া হবে না।

প্রধানমন্ত্রী বলেন, “জনগণের অর্থ জনগণের কল্যাণে ব্যয় হবে। অতীতে যেভাবে একটি গোষ্ঠী দেশের টাকা বিদেশে পাচার করেছে, তা আর হতে দেওয়া হবে না। পাচার হওয়া অর্থ উদ্ধারে এবং রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষায় সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”

ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচির অর্থায়ন নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, রাষ্ট্রীয় সম্পদের অপচয় ও দুর্নীতি বন্ধ করা গেলে এসব কর্মসূচি পরিচালনায় কোনো আর্থিক সংকট থাকবে না।

তিনি আরও বলেন, চা শ্রমিকদের জন্য গৃহনির্মাণ অনুদান, শিক্ষার্থীদের বৃত্তি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসা সহায়তার মতো উদ্যোগ অতীতে কোনো সরকার নেয়নি।

দেশে অস্থিরতা সৃষ্টি হলে সামাজিক সুরক্ষা কার্যক্রম ব্যাহত হতে পারে উল্লেখ করে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না এবং বাংলাদেশের গণতন্ত্রও অক্ষুণ্ন থাকবে।

বিএনপির রাজনৈতিক অবস্থান তুলে ধরে তারেক রহমান বলেন, দেশে যতবার অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে, জনগণ ধানের শীষের পক্ষেই রায় দিয়েছে। কারণ বিএনপি সব সময় সাধারণ মানুষের পাশে থেকেছে।

এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, সংকটের সময় অনেকেই দেশ ছেড়ে গেলেও খালেদা জিয়া কখনো দেশের মানুষকে ছেড়ে যাননি।

অনুষ্ঠানে ৫০ জন নারী চা শ্রমিককে গৃহনির্মাণের জন্য দুই লাখ টাকা করে অনুদানের চেক প্রদান করা হয়। পাশাপাশি চা শ্রমিক পরিবারের ১৫০ জন শিক্ষার্থীকে বৃত্তি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসা সহায়তা দেওয়া হয়।

অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা, প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শেষে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে একটি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD