বুধবার | ২২ এপ্রিল, ২০২৬ | ৯ বৈশাখ, ১৪৩৩

বালু ফেলে জমি ভরাট

বৃষ্টির পানির জলাবদ্ধতা নিরসনে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

সাভার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার সাভার উপজেলার কয়েকটি এলাকায় বৃষ্টির পানির জলাবদ্ধতা নিরসনের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ বুধবার (০১ অক্টোবর) সকাল ১০টার দিকে ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি শুরু করেন তাঁরা।

অবরোধ কর্মসূচির কারণে মহাসড়কটির দুটি লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী, চালক ও সংশ্লিষ্টরা। ঘণ্টাখানেক অবরোধের পর বেলা ১১টার দিকে তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

বিক্ষোভকারীরা জানান, উপজেলার রাজ ফুলবাড়িয়া, শোভাপুর ও এর আশপাশের কয়েকটি এলাকায় বৃষ্টির পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। সম্প্রতি ঢাকা-আরিচা মহাসড়কের পাশের একটি জায়গা ভরাট করে ফেলা হয়। সেখানে এসব এলাকার পানি জমা হতো। জায়গাটি ভরাট হওয়ায় পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে। ফলে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা তৈরি হয়েছে।

স্থানীয় সেলিম জানান, এক ব্যক্তি বালু ফেলে ওই জায়গা ভরাট করে পানি বের হওয়ার রাস্তা ব্লক করে দিয়েছেন। ফলে নর্দমার পানি বের হতে পারছে না। কয়েক মাস ধরেই এই সমস্যা। আজ বৃষ্টি হওয়ায় বাড়িতে পানি জমছে।

আরেক বাসিন্দা সালাহউদ্দিন জানান, ‘৩-৪টি এলাকার পানি বের হয়—এমন একটি সরকারি জায়গায় থাকা কালভার্টে বালু ফেলে বন্ধ করে দিয়েছেন এক ব্যক্তি। এ কারণে পানি বের হতে না পারায় এলাকাগুলোর কয়েক হাজার বাসিন্দা ভোগান্তিতে পড়েছেন।’

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ বলেন, ‘প্রায় এক ঘণ্টা পর বিক্ষোভকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।’

ঘটনাস্থল পরিদর্শন করে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুবকর সরকার বলেন, ‘যে জায়গাটি ভরাট করায় জলাবদ্ধতা তৈরী হয়েছে, সেখানে একপাশ দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যে কাজও শুরু হয়েছে। উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যাটির স্থায়ী সমাধানে ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD