মঙ্গলবার | ১০ নভেম্বর, ২০২৬ | ২৫ কার্তিক, ১৪৩৩

পঞ্চগড়

পঞ্চগড়ে ধর্ষণ- হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

আজাহারুল ইসলাম আজাহার

ট্রেনে পরিচয়ের সূত্র ধরে এক তরুণীকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ ও হত্যার ঘটনায় মো. রিফাত বিন সাজ্জাদ (২৩) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে তাঁকে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হুসাইন মো. আব্দুল বারী আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত রিফাত বোদা উপজেলার মাঝগ্রাম এলাকার আকতার হোসেনের ছেলে।

মামলার নথি ও পুলিশ সূত্রে জানা যায়, ট্রেনে যাতায়াতের সময় ওই তরুণীর সঙ্গে রিফাতের পরিচয় হয়। সেই পরিচয়ের সুযোগ নিয়ে তাঁকে কৌশলে আটোয়ারী এলাকায় নিয়ে যান তিনি। পরে একটি নির্জন স্থানে তরুণীকে ধর্ষণ করেন। একপর্যায়ে পাথর দিয়ে মাথায় আঘাত করে তাঁকে হত্যা করা হয়। হত্যার পর পরিচয় আড়াল করতে মরদেহ রেললাইনের ওপর ফেলে রাখা হয়। পরদিন সকালে রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা মরদেহ উদ্ধার করে।

ঘটনার পর রিফাত পালিয়ে গেলেও বেশিক্ষণ আত্মগোপনে থাকতে পারেননি। অন্য এলাকায় ইজিবাইক চুরির চেষ্টাকালে স্থানীয় লোকজন ও নৈশপ্রহরীদের হাতে আটক হন তিনি। পরে আটোয়ারী থানা পুলিশ তাঁকে হেফাজতে নেয়। তাঁর ব্যবহৃত মুঠোফোন পরীক্ষা করে হত্যাকাণ্ডের ভিডিও ও ছবি পাওয়ার কথা জানায় পুলিশ। জিজ্ঞাসাবাদেও ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়।

তদন্ত শেষে আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও ডিজিটাল আলামত সংযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। বিচার চলাকালে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(২) ধারায় রিফাতকে দোষী সাব্যস্ত করেন। পরে তাঁকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়।

রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী ও ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট খলিলুর রহমান সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, এ রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং অপরাধীদের কাছে কঠোর বার্তা পৌঁছাবে।

অন্যদিকে, আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী (স্টেট ডিফেন্স) অ্যাডভোকেট কামরুজ্জামান জানান, এ রায়ে তাঁরা সন্তুষ্ট নন। তাঁরা উচ্চ আদালতে আপিল করবেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD