ফরিদপুরের বোয়ালমারীতে মাদকের গডফাদার ২০ মামলার পলাতক আসামি মাহফুজুর রহমান ওরফে ডিজে মাহফুজকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার রাতে পুলিশের বিশেষ অভিযানে পৌরসভার দক্ষিণ কামারগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মাহফুজুর রহমান ওরফে ডিজে মাহফুজ ওই এলাকার মৃত গঞ্জর আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক কেনাবেচার তথ্যের ভিত্তিতে গত ১০ জুন গোপন সংবাদের মাধ্যমে পুলিশ মাহফুজের বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি ঘরের ভেতর থেকে একটি গোপন পথ দিয়ে পালিয়ে যান। পরে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয় এবং তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখে পুলিশ।
একপর্যায়ে বুধবার রাতে কামারগ্রামের একটি পরিত্যক্ত ভবন থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে বিভিন্ন সময়ের ২০টি মাদক মামলা রয়েছে। এর আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে একাধিকবার গ্রেপ্তার হলেও জামিনে বের হয়ে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।
বোয়ালমারী থানার ওসি আনোয়ার হোসেন বলেন, মাহফুজুর রহমান ওরফে ডিজে মাহফুজ একাধিক মাদক মামলার আসামি। অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। এর আগে তাকে মাদকসহ আটকের চেষ্টা করলে সে পালিয়ে যায়। এ ঘটনায় একটি মামলা করা হয়। সেই মামলার পরিপ্রেক্ষিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে বোয়ালমারী থানা জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। কোনো মাদক কারবারিকে ছাড় দেওয়া হবে না।









