সোমবার | ২৭ এপ্রিল, ২০২৬ | ১৪ বৈশাখ, ১৪৩৩

বোয়ালমারীতে ৩ মাসে কুকুরের কামড়ে আহত ৭৪

স্টাফ রিপোর্টার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় গত তিন মাসে কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে ৭৪ ব্যক্তি চিকিৎসা ও ভ্যাকসিন গ্রহণ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হাসান।

সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, কুকুরের পাশাপাশি বিড়ালের কামড়ের ঘটনাও ব্যাপকভাবে ঘটছে। তবে বিড়ালের কামড়ের রোগীদের আলাদা করে হিসাবভুক্ত করা হয় না। ফলে প্রকৃত আক্রান্তের সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। জানুয়ারি মাসে কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে ১৭ জন, ফেব্রুয়ারিতে ৩১ জন, ও মার্চ মাসে ২৬ জন হাসপাতাল থেকে ভ্যাকসিন নিয়ে সুস্থ হয়।

আক্রান্তদের সঙ্গে কথা বলে জানা যায়, অধিকাংশ ঘটনাই ঘটছে রাস্তাঘাটে চলাচলের সময়। হঠাৎ করেই বেওয়ারিশ কুকুর আক্রমণাত্মক আচরণ করে পথচারীদের কামড়ে দিচ্ছে। অনেকেই বুঝে ওঠার আগেই হামলার শিকার হচ্ছেন।

সচেতন মহলের মতে, এলাকায় বেওয়ারিশ কুকুরের সংখ্যা বাড়ার পাশাপাশি তাদের মধ্যে অস্বাভাবিক আচরণও লক্ষ্য করা যাচ্ছে। ফলে পথচারীদের জন্য ঝুঁকি দিন দিন বাড়ছে। এছাড়া পোষ্য বিড়ালের কামড়ের ঘটনাও কম নয়, যা অনেক সময় অবহেলিত থেকে যাচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, এক সময় উপজেলা ও পৌরসভার উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে কুকুরকে ভ্যাকসিন দেওয়া হতো। কিন্তু বর্তমানে সেই কার্যক্রম চোখে পড়ছে না। ফলে সংক্রমণের ঝুঁকি আরও বাড়ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হাসান বলেন, অসতর্কভাবে চলাফেরা করার কারণে কুকুরের কামড়ের ঘটনা বাড়ছে। এছাড়া বাড়িতে পোষা কুকুর ও বিড়ালের কামড়ের ঘটনাও বৃদ্ধি পেয়েছে। তবে পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন মজুত রয়েছে। সবাইকে সচেতন থাকতে হবে।

এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা, যাতে বেওয়ারিশ প্রাণীর সংখ্যা নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে এ ধরনের ঝুঁকি কমানো যায়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD