উপদেষ্টা আসিফ মাহমুদ ও বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সমর্থকদের মধ্যে কুমিল্লার মুরাদনগরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই পক্ষের সমর্থক ও সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
আজ বুধবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে মুরাদনগর উপজেলার আল্লাহ চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে বিএনপি নেতা কায়কোবাদ সমর্থকেরা উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেন। প্রতিবাদে আজ বুধবার বিকেল ৫টার দিকে আসিফ মাহমুদের সমর্থকেরা স্থানীয় ডি আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি আল্লাহ চত্বর পৌঁছালে কায়কোবাদ সমর্থকেরা তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় সাংবাদিসহ উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন।
এসময় পুলিশসহ আসিফ সমর্থকেরা পিছু হটেন। মুহূর্তের মধ্যে দোকানপাট বন্ধ হয়ে যায়। খবর পেয়ে অন্তত আধাঘণ্টা পর সেনাবাহিনীর সদস্যা ঘটনাস্থলে পৌঁছান।
এ বিষয়ে মুরাদনগর থানার পরিদর্শক (তদন্ত) আমিন কাদের খান বলেন, এনসিপির লোকজন বিক্ষোভের বিষয়টি আমাদের লিখিতভাবে জানিয়েছেন। কিন্তু বিএনপির লোকজন তাদের কর্মসূচির বিষয়টি আমাদের জানাননি। মিছিলের একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।









