রাজবাড়ী জেলা সফরে এসে শহরের ঐতিহ্যবাহী শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ মনিরুজ্জামান মিঞা। পরিদর্শন শেষে বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম, শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের আন্তরিকতা এবং সার্বিক পরিবেশের প্রশংসা করেছেন তিনি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে বিদ্যালয়টি পরিদর্শন করেন ঢাকা বিভাগীয় কমিশনার। এ সময় তিনি বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং ক্লাস রুমে গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেন। একই সাথে করেন নানা রকম প্রশ্ন। পরবর্তীতে প্রশাসনিক কর্মকর্তা, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও শিক্ষক সাথে কথা বলেন।
পরিদর্শন শেষে বিদ্যালয়ের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করে বিভাগীয় কমিশনার একটি প্রশংসাসূচক মন্তব্য লিখে যান।
তার স্বাক্ষরিত মন্তব্যে তিনি বলেন, “অদ্য ২৭/০৮/২৬ তারিখ অত্র বিদ্যালয়ে উপস্থিত হয়ে সম্যকভাবে পরিদর্শনকালে সকল শিক্ষকগণের উপস্থিতি লক্ষ্য করি। স্কুলটির শিক্ষার্থীগণকে সঠিকভাবে শিক্ষায় শিক্ষিত করতে গৃহীত নানামুখী উদ্যোগ প্রশংসনীয়। স্কুলের শিক্ষকগণ কোমলমতি শিক্ষার্থীদের প্রতি অত্যন্ত আন্তরিক মর্মে প্রতীয়মান হলো।”
তিনি আরও উল্লেখ করেন, “সার্বিকভাবে বিদ্যালয়টির মান সন্তোষজনক মর্মে প্রতীয়মান হয়। আমি এই বিদ্যালয়ের সার্বিক উৎকর্ষ সাধনে সংশ্লিষ্ট সকলকে তৎপর থাকার জন্য বিশেষ অনুরোধ করিলাম।”
বিভাগীয় কমিশনারের এমন ইতিবাচক মন্তব্যে বিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেছেন।
এ সময় রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তারিফ-উল-হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তবিবুর রহমান, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায়, সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) পায়রা চৌধুরী, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আলমগীর হোসেন, শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যনেজিং কমিটির সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, প্রধান শিক্ষক নাছিমা আখতারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।









