শিশু ধর্ষণ ও হত্যার মামলাগুলো থেকে উদ্ভূত ডেথ রেফারেন্স ও আপিল শুনানি দ্রুততম সময়ের মধ্যে করার জন্য বিশেষ বেঞ্চ গঠনে প্রধান বিচারপতি বরাবর আবেদন করেছেন আইনজীবীরা। বৃহস্পতিবার (২১ মে) তারা এ আবেদন করেন।
আবেদনে বলা হয়, আমরা বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, আইন ও মানবাধিকার বিষয়ে কাজ করছি। দীর্ঘদিন ধরে দেশের বিচারব্যবস্থায় দীর্ঘ সূত্রতা এ দেশের সাধারণ মানুষের মধ্যে বিরুপ প্রভাব ফেলছে। বিভিন্ন সমযে অধস্তন আদালতে চাঞ্চল্যকর, নৃশংস ধর্ষণ ও হত্যাকাণ্ডের দ্রুত বিচার হলেও হাইকোর্ট বিভাগে ডেথ রেফারেন্স ও আপিল এবং আপিল বিভাগের আপিল শুনানি করতে দীর্ঘ সময় লেগে যাচ্ছে।
মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামির ফাঁসি হলেও ডেথ রেফারেন্স কবে শুনানি হবে অনিশ্চিত। ফেনীর নুসরাত হত্যা মামলাসহ বহু মামলা এভাবে অপেক্ষমাণ অবস্থায় আছে। ফলে সর্বশেষ মিরপরে নৃশংস ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসার বাবা বলেই বসলেন আপনারা বিচার করতে পারবেন না।
আবেদনে বলা আরও হয়, বিচারক ও আইনজীবী হিসেবে আপনাদের ও আমাদের সবার এই দায় এড়ানোর উপায় নেই। তবে জুডিসিয়ারির সীমাবদ্ধতা আমরা বুঝি। তবুও সীমাবদ্ধ পরিস্থিতিতেও শিশু ধর্ষণ, শিশু হত্যাকাণ্ডের ঘটনাগুলো আলাদা করে এতদসংক্রান্ত মামলাগুলো (ডেথ রেফারেন্স ও আপিল), বিশেষ বেঞ্চ গঠন করে শুনানির ব্যবস্থা গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি।









