বিশেষ আমন্ত্রণে জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. রুডিগার লোৎসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি প্রতিনিধি দল।
সোমবার (২০ অক্টোবর) সকালে ঢাকায় অবস্থিত জার্মান দূতাবাসে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে দুই পক্ষের মধ্যে জার্মান–বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন, ইসলামী আন্দোলনের রাজনৈতিক অবস্থান, এবং বাণিজ্য ও পারস্পরিক সম্পর্ক উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রতিনিধি দল জার্মানিতে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের সাফল্যের প্রশংসা জানায়। জবাবে রাষ্ট্রদূত ড. রুডিগার লোৎস বলেন, বাংলাদেশের জনগণ যে ধরনের নির্বাচনী ব্যবস্থা পছন্দ করবে, জার্মানি সেই ব্যবস্থার প্রতি শ্রদ্ধা ও সহযোগিতা অব্যাহত রাখবে।
এ সময় প্রতিনিধি দল বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মান সরকারের উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধিতে কৃতজ্ঞতা প্রকাশ করে। রাষ্ট্রদূত জানান, তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় অফিস পরিদর্শনে আগ্রহী, তবে সময়ের সীমাবদ্ধতার কারণে তা এখনও সম্ভব হয়নি। তিনি আশাবাদ ব্যক্ত করেন, শিগগিরই অফিস পরিদর্শন করবেন।
এছাড়া প্রতিনিধি দল রাষ্ট্রদূতকে চরমোনাই মাহফিলে যোগদানের আমন্ত্রণ জানান এবং উল্লেখ করেন যে, কয়েক বছর আগে জার্মানির একজন সংসদ সদস্য (এমপি) ঐ মাহফিলে অংশগ্রহণ করেছিলেন।
সৌজন্য সাক্ষাতে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত গোলাম মসিহ, ইসলামী যুব আন্দোলনের আন্তর্জাতিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ সাজল, এবং আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য সচিব মো. রাজন সিকদার।









