বুধবার | ১৫ জুলাই, ২০২৬ | ৩১ আষাঢ়, ১৪৩৩

পরীক্ষার্থীদের লংমার্চ ঘিরে সচিবালয়ে কড়া নিরাপত্তা

স্টাফ রিপোর্টার

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সচিবালয় অভিমুখে লংমার্চ কর্মসূচিকে কেন্দ্র করে সচিবালয়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সম্ভাব্য যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সচিবালয়ের প্রতিটি প্রবেশপথে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) দুপুরের পর সচিবালয়ের গেটে সাধারণ সময়ের তুলনায় নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে। প্রতিটি গেটে অতিরিক্ত সংখ্যক পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। প্রবেশকারীদের পরিচয়পত্র যাচাই ও তল্লাশি কার্যক্রমও জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

এর আগে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে তারা সচিবালয়ের উদ্দেশে লংমার্চ শুরু করেন। কর্মসূচির খবর ছড়িয়ে পড়ার পর সচিবালয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানো হয়।

শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে, দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর পদত্যাগ।

এদিকে সচিবালয়ের ভেতরে কর্মকর্তা-কর্মচারীদের স্বাভাবিক কার্যক্রম চললেও নিরাপত্তা ব্যবস্থার কারণে প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে বাড়তি সতর্কতা লক্ষ্য করা গেছে। পরিস্থিতি পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নজরদারি চালিয়ে যাচ্ছেন।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থীদের কর্মসূচিকে কেন্দ্র করে সচিবালয় এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত রেখেছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD