কিশোরগঞ্জের নিকলী উপজেলার ঘোড়াউত্রা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে কাছুম আলী(৬৫) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছে। তিনি ছাতিরচর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি। এ ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন।
কাছুম আলী ছাতিরচর ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের মনর উদ্দিনের ছেলে। এ ঘটনায় আহতরা হলেন রমিজ মেম্বার ও হিরু মিয়া।
জানা গেছে, দক্ষিণপাড়া গ্রামের যুবদলনেতা জুম্মনের নেতৃত্বে একটি প্রভাবশালী চক্র ঘোড়াউত্রা নদীর সরফি কান্দা নামক স্থান থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছে। এতে বাধা দেন বিএনপি নেতা কাছুম আলী, রমিজ উদ্দিন,হিরা মিয়াসহ স্থানীয় কয়েকজন।
শনিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ছাতিরচর বাজার এলাকায় কাছুম আলী ও জুম্মনের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় যুবদল নেতা জুম্মন ও তার লোকজন দা নিয়ে হামলা চালায়। এতে বিএনপি নেতা কাছুম আলী আহত হন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।
ছাতিরচর ইউনিয়ন পরিষদের দফাদার নাজমুল ইসলাম বলেন, কাছুম আলী ও রমিজ মেম্বার অবৈধ বালু উত্তোলনে বাধা দিয়েছিলেন। পরে রাতে তাদের ওপর হামলা হয়। এতে কাছুম আলী মারা যান এবং আরও দুই জন আহত হন বলে জানান তিনি।
ছাতিরচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মুক্তার হোসেন বলেন, বালু উত্তোলনকে কেন্দ্র করে বিএনপি নেতা কাছুম আলী ও যুবদল নেতা জুম্মনের মধ্যে বিরোধ শুরু হয়। এরই জেরে শনিবার গভীর রাতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এতে উভয় পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ হলে রমিজ মেম্বারকে বাঁচাতে গিয়ে কাছুম আলী মারা গিয়েছে বলে তিনি জানান।
নিকলী উপজেলা উপজেলা বিএনপির সভাপতি বদরুল মোমেন মিঠু বলেন, এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। কোন কারণে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ হচ্ছে না বুঝতে পারছি না। নেপথ্যে কি কারণ রয়েছে জানা নেই। বালু উত্তোলনের ফলে নদীর তীরবর্তী গ্রামগুলোতে ভাঙন দেখা দিয়েছে।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনকে কেন্দ্র করে রাতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।
নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রেহানা মজুমদার মুক্তির মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এমই









