রাজধানী ঢাকায় টানা বৃষ্টিহীন আবহাওয়ার কারণে গরমের দাপট বেড়েই চলেছে। সকালে কিছুটা স্বস্তি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়ায় জনজীবনে অস্বস্তি বাড়ছে।
শনিবার (২৫ অক্টোবর) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে। উত্তর ও উত্তর–পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস, যা আজও প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর। ফলে আজও গরম অনুভূত হবে গতকালের মতোই।
আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ২৫ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১ মিনিটে।
অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তরের সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে চট্টগ্রাম বিভাগের দু–এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকবে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।









