চট্টগ্রাম নগরীর রেয়াজউদ্দিন বাজারে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম। ১৭ আগস্টের ভারী বর্ষণে রেয়াজ উদ্দিন বাজারের বিভিন্ন দোকানে পানি ঢুকে বিপুল পরিমাণ পণ্য, মালামাল ও ব্যবসায়িক সরঞ্জাম নষ্ট হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
গত সোমবার (১৭ আগস্ট) চট্টগ্রাম নগরীতে ভারী বর্ষণের পর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। একইভাবে রেয়াজউদ্দিন বাজারের বিভিন্ন অংশে পানি জমে দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে পড়ে। আকস্মিক জলাবদ্ধতায় ব্যবসায়ীরা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েন। পরিস্থিতি সরেজমিনে দেখতে ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলতে বাজার পরিদর্শনে যান মুহাম্মদ নজরুল ইসলাম।
জামায়াত চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে এই পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়। এতে উপস্থিত ছিলেন, নগর জামায়াতের আমীর মুহাম্মদ নজরুল ইসলাম। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজ নেন এবং তাদের প্রতি সহমর্মিতা জানান।
পরিদর্শনকালে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা দীর্ঘদিনের একটি ভয়াবহ সমস্যা। প্রতিবছর বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পানিতে তলিয়ে যায়। এতে সাধারণ মানুষের পাশাপাশি ব্যবসায়ীরাও ব্যাপক ক্ষতির শিকার হচ্ছেন। রেয়াজউদ্দিন বাজারের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় জলাবদ্ধতার কারণে ব্যবসায়ীদের কোটি কোটি টাকার ক্ষতি হওয়া উদ্বেগজনক।
তিনি বলেন, জলাবদ্ধতার স্থায়ী সমাধান না হলে প্রতিবছরই মানুষকে ক্ষতির শিকার হতে হবে। এ সমস্যা সমাধানে কার্যকর, সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
নজরুল ইসলাম আরও বলেন, নগরীর জলাবদ্ধতা নিরসনে খাল-নালা ও ড্রেন নিয়মিত সংস্কার, দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং জলপ্রবাহের প্রতিবন্ধকতা দূর করা জরুরি। শুধু বর্ষা মৌসুমে তৎপরতা না দেখিয়ে সারা বছর পরিকল্পিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করারও দাবি করেন।
এ সময় চট্টগ্রাম মহানগরী জামায়াতের অফিস সম্পাদক হামেদ হাসান ইলাহী, কোতোয়ালী থানা জামায়াতের আমীর আমির হোসাইন, সেক্রেটারি মোস্তাক আহমদ এবং তামাকুমন্ডি লেইন বণিক সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ সরওয়ার কামালসহ স্থানীয় ব্যবসায়ী ও জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।









