শুক্রবার | ৩ জুলাই, ২০২৬ | ১৯ আষাঢ়, ১৪৩৩

নিরাপত্তা শঙ্কায় ভারতে দল পাঠাবে না বাংলাদেশ, আইসিসিকে জানাল বিসিবি

স্টাফ রিপোর্টার

নিরাপত্তা শঙ্কার কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ভেন্যুতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছে বোর্ড সংশ্লিষ্ট সূত্র।

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই বাংলাদেশ ও ভারতের ক্রিকেটীয় সম্পর্ক কিছুটা শীতল হয়ে পড়ে। সম্প্রতি মুস্তাফিজুর রহমানকে নিরাপত্তার অজুহাতে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় সেই দূরত্ব আরও বেড়েছে। এরই প্রেক্ষাপটে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের লিগপর্বে ভারতে অনুষ্ঠিতব্য বাংলাদেশের চারটি ম্যাচ নিয়ে উদ্বেগ প্রকাশ করে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি।

চিঠিতে বিসিবি স্পষ্টভাবে জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে ভারতে বাংলাদেশ দল পাঠানো নিরাপদ নয়। পাশাপাশি বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু পরিবর্তনের দাবিও জানানো হয়েছে। যমুনা টেলিভিশনের খবরে বলা হয়েছে, বিসিবির পাঠানো ই-মেইলে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানানো হয়েছে আইসিসিকে।

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিসিবি ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কার্যত মুখোমুখি অবস্থানে চলে গেছে। ‘নিরাপত্তা ঝুঁকি’ দেখিয়ে মুস্তাফিজকে খেলতে না দেওয়ার পরপরই বিষয়টি আইসিসিকে জানানোর সিদ্ধান্ত নেয় বিসিবি। সেই সিদ্ধান্ত অনুযায়ী রোববার (৪ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আর মাত্র এক মাস বাকি থাকতে এমন সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। শনিবার রাতে দেশের ক্রিকেট পরিস্থিতি নিয়ে বিসিবির ১৭ জন পরিচালক জরুরি বৈঠকে বসেন। দীর্ঘ আলোচনা শেষে আইসিসিকে চিঠি পাঠানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, আগামী ৫ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টটি যৌথভাবে আয়োজন করছে ভারত ও শ্রীলঙ্কা। সূচি অনুযায়ী, পাকিস্তান তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে। আইসিসি যদি বাংলাদেশের আবেদন মঞ্জুর করে, তবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দলও বিশ্বকাপে তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে আইসিসির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে বিসিবির চিঠির পর বিশ্বকাপের সূচি ও ভেন্যু নিয়ে নতুন করে আলোচনা শুরু হতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD