রাজধানীর মোহাম্মদপুরের বসিলা টেক্কা মিয়ার মোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কিশোর গ্যাং সদস্যসহ ৬ মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য, নগদ অর্থ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টা থেকে রাত ২টা পর্যন্ত বসিলা আর্মি ক্যাম্পের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
আটককৃতরা- বাচ্চু, সাগর, রুদ্র, শাকাওয়াত, শুক্কুর ও রাকিব।
এসময় তাদের কাছ থেকে ২টি ধারালো তলোয়ার, ১টি চাইনিজ কুঠার, ৩টি সামুরাই, ১০২ পুরিয়া হেরোইন, ৩৯৫ পুরিয়া গাঁজা, ৪টি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ টাকা ৪৩ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা ওই এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে বলে জানায় সেনাবাহিনী। তাছাড়া দেশীয় অস্ত্র দিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে আটককৃতরা ছিনতাই করতো বলেও জানানো হয়।
এ বিষয়ে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, আটককৃতদের উদ্ধারকৃত আলামতসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
‘স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এই অভিযানে স্বস্তি প্রকাশ করে বলেন, এমন অভিযান অব্যাহত থাকলে এলাকায় অপরাধ দমন অনেকটাই সহজ হবে’, যোগ করেন ওই কর্মকর্তা।









