এ সময় পাচারের উদ্দেশ্যে বন্দি রাখা নারী ও শিশুসহ মোট ১৫৩ জনকে উদ্ধার করা হয়েছে। গতকাল দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোয়েন্দা সূত্রে জানা যায়, সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশে বিপুলসংখ্যক নারী, পুরুষ ও শিশু সেন্ট মার্টিনের দক্ষিণ-পশ্চিমসংলগ্ন গভীর সমুদ্র এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতকাল ভোরের দিকে ‘অপারেশন সমুদ্র প্রহরা’-এর অধীনে কোস্টগার্ডের জাহাজ ‘কামরুজ্জামান’ একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দেয়া হলে সেটি নির্দেশ অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে কোস্টগার্ডের আভিযানিক দল ধাওয়া করে সেন্ট মার্টিনের দক্ষিণ-পূর্বসংলগ্ন সমুদ্র এলাকা থেকে বোটটি আটক করতে সক্ষম হয়। পরবর্তী সময়ে বোটে তল্লাশি চালিয়ে মালয়েশিয়ায় পাচারের সময় নারী ও শিশুসহ ১৫৩ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয় এবং ১৫ জন মানব পাচারকারীকে আটক করা হয়।









