পানি শোধন, কৃষি প্রযুক্তি এবং চা শিল্পে সহযোগিতা জোরদারে তিনটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে চীন ও পাকিস্তান। সোমবার (২৭ এপ্রিল) এক প্রতিবেদনে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন নিউজ এ তথ্য জানায়।
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির চীন সফরের সময় এই চুক্তিগুলো স্বাক্ষরিত হয়। তিনি বর্তমানে এক সপ্তাহের সফরে চীন রয়েছেন, যা চলবে আগামী ১ মে পর্যন্ত।
প্রেসিডেন্টের উপস্থিতিতে পাকিস্তান ও চীনের বিভিন্ন প্রতিষ্ঠান এবং কোম্পানির মধ্যে এই তিনটি পৃথক সমঝোতা হয়। এগুলো মূলত দুই দেশের বাস্তবভিত্তিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্য নিয়ে করা হয়েছে।
প্রথম সমঝোতা অনুযায়ী, করাচিতে সমুদ্রের পানি বিশুদ্ধকরণ বা ডেসালিনেশন প্রকল্পে কাজ করবে সিন্ধু স্থানীয় সরকার ও চীনের লুসিওন এনভায়রনমেন্টাল টেকনোলজি গ্রুপ। এই চুক্তি স্বাক্ষর করেন সিন্ধুর সিনিয়র মন্ত্রী শারজিল ইনাম মেমন এবং লুসিয়ন গ্রুপের চেয়ারম্যান ইউহুই।
দ্বিতীয় চুক্তিটি হয় কৃষি প্রযুক্তি খাতে। এতে সিন্ধু স্থানীয় সরকার ও লং পিং হাই-টেক ইনফরমেশন কোম্পানি যৌথভাবে আধুনিক কৃষি প্রযুক্তি উন্নয়নে কাজ করবে।
তৃতীয় সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয় পাকিস্তানের মেসকায় এবং ফেমটি ট্রেডিং কোম্পানি, চীনের হুনান টি গ্রুপ এবং জিয়াওলং ইন্টারন্যাশনাল প্রযুক্তি (হাইনান)–এর মধ্যে। এই চুক্তির লক্ষ্য চা শিল্পে সহযোগিতা বৃদ্ধি এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করা।









