পঞ্চগড়ে দুই দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন শেষ হয়েছে। শনিবার বিকেলে ব্যারিস্টার জমির উদ্দীন সরকার স্কুল অ্যান্ড কলেজ মাঠে শেষ দিনের কার্যক্রমের মধ্য দিয়ে শেষ হয়। পঞ্চগড় পায়োনিয়ার্স আয়োজিত পিএমইউএন ২০২৬ সম্মেলনে ১৪২টি দেশের প্রতিনিধির ভূমিকায় অংশ নেন দুই শতাধিক তরুণ শিক্ষার্থী।
ফাতিহা আয়াতের সভাপতিত্বে সম্মেলনের শেষ দিনের বিভিন্ন অধিবেশনে আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে আলোচনা, বিতর্ক ও কূটনৈতিক সমঝোতায় অংশ নেন শিক্ষার্থীরা।
একেকজনের পরিচয় ছিল একেকটি দেশের প্রতিনিধি, তবে লক্ষ্য ছিল আন্তর্জাতিক সংকটের সমাধান খোঁজা। যুক্তি, আলোচনা ও কূটনৈতিক সমঝোতার মধ্য দিয়ে নিজেদের দক্ষতা যাচাইয়ের সুযোগ পান তারা।
পিএমইউএন ২০২৬-এ জাতিসংঘের আদলে বিভিন্ন অধিবেশনে অংশ নিয়ে সকল স্তরের শিক্ষার্থীদের নিয়ে শরণার্থী সংকট, মানবাধিকার, মধ্যপ্রাচ্য ও ফিলিস্তিন ইস্যুসহ বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে নিজেদের দেশের অবস্থান তুলে ধরেন।
দুই দিনের এই আয়োজনে আন্তর্জাতিক রাজনীতির বিভিন্ন বিষয় জানার পাশাপাশি নেতৃত্ব, যোগাযোগ, যুক্তিভিত্তিক চিন্তা ও সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা চর্চার সুযোগ পান তরুণরা।
সম্মেলন সম্পর্কে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এস এম হাসান তালুকদার বলেন, বাংলাদেশে এ ধরনের আয়োজন খুবই ব্যতিক্রমধর্মী ও আনকমন। এটি অভাবনীয় ও চ্যালেঞ্জিং একটি আয়োজন। যারা এ উদ্যোগ নিয়েছেন এবং আয়োজন করেছেন, এটি তাদের অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ।
পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির বলেন, শিক্ষার্থীদের বিশ্ব পরিস্থিতির সঙ্গে পরিচিত করা এবং বিশ্বমঞ্চ কেমন, তা বোঝানোই ছিল এ আয়োজনের উদ্দেশ্য। ‘পঞ্চগড় থেকে বিশ্বমঞ্চ’ এই স্লোগানকে সামনে রেখে শুরু হওয়া এই আয়োজনে শিক্ষার্থীরা দেখিয়েছে, তারা অনেক কিছু করতে পারে এবং অনেক দূর এগিয়ে যাওয়ার সক্ষমতা তাদের রয়েছে। পঞ্চগড়ের এই শিক্ষার্থীরা একদিন বিশ্বমঞ্চে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।









