সোমবার | ১৬ নভেম্বর, ২০২৬ | ১ অগ্রহায়ণ, ১৪৩৩

ভোলা

প্রধান শিক্ষক ছাড়াই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে বোরহানউদ্দিনের ১০০ প্রাথমিক বিদ্যালয়

জেলা প্রতিনিধি

একটি শিশুর স্বপ্ন ও ভবিষ্যতের ভিত গড়ে ওঠে প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায়। অথচ ভোলার বোরহানউদ্দিন উপজেলায় শিশুদের ভবিষ্যৎ গড়ার এসব শিক্ষাপ্রতিষ্ঠানেই দেখা দিয়েছে প্রধান শিক্ষকের চরম সংকট। উপজেলার ১৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১০০টিতে নেই নিয়মিত প্রধান শিক্ষক। এসব বিদ্যালয়ে চলতি দায়িত্ব ও ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন অন্য শিক্ষকরা। দীর্ঘদিনের এ শূন্যতা বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি পাঠদানেও মারাত্মক ভাবে প্রভাব ফেলছে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সৃষ্টি হয়েছে উদ্বেগ উতকণ্ঠ।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের পরিসংখ্যান অনুযায়ী, ১৫৬ টি বিদ্যালয়ের মধ্যে নিয়মিত প্রধান শিক্ষক রয়েছেন মাত্র ৫৬ টিতে। বাকি বিদ্যালয় গুলোর মধ্যে ২৪ টিতে চলতি দায়িত্বে এবং ৭৬ টিতে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন সহকারী শিক্ষকরা।

শুধু প্রধান শিক্ষক নয়, বিদ্যালয় গুলোতে সহকারী শিক্ষক ও কর্মচারীর‌ও রয়েছে সংকট। উপজেলায় সহকারী শিক্ষকের ৮৫৪টি পদের বিপরীতে কর্মরত আছেন ৭২৮ জন। শূন্য রয়েছে ১২৬টি পদ। তবে সম্প্রতি নতুন করে ৩৭ জন শিক্ষক যোগদান করেছেন। অন্যদিকে, নৈশপ্রহরী কাম দপ্তরী পদে ১৫৬টির মধ্যে ৯৫টি শূন্য রয়েছে। কর্মরত আছেন মাত্র ৬১ জন।

এত বিপুলসংখ্যক পদ শূন্য থাকায় বিদ্যালয় গুলোর প্রশাসনিক ও দাপ্তরিক কাজ সামলাতে হিমশিম খেতে হচ্ছে শিক্ষকদের। এতে শ্রেণিকক্ষে পাঠদানের সময় কমে আসছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মাঠপর্যায়ের পরিস্থিতি তুলে ধরে চরআলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জাহিদ তালুকদার বলেন, ‘আমাদের বিদ্যালয়ে ছয়জন শিক্ষকের বিপরীতে কর্মরত আছেন মাত্র চারজন। প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় দাপ্তরিক কাজের চাপে শ্রেণিকক্ষে ঠিকমতো সময় দেওয়া কঠিন হয়ে পড়েছে। শিক্ষকস্বল্পতার কারণে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালিয়ে রাখা এখন আমাদের জন্য বেশ কঠিন।’

অন্যদিকে, শিক্ষকদের পদোন্নতিবঞ্চনার বিষয়টি তুলে ধরেন বোরহানউদ্দিন উপজেলা প্রাথমিক শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, ‘২০০৯ সালের পর থেকে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পদোন্নতি কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে। দীর্ঘদিন এ পেশায় কাজ করেও পদোন্নতিবঞ্চিত অবস্থায় অনেক শিক্ষক অবসরে যাচ্ছেন। উপজেলার প্রায় ১০০টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় প্রাথমিক শিক্ষায় স্থবিরতা দেখা দিয়েছে।’ দ্রুত পদোন্নতির মাধ্যমে এ অচলাবস্থা নিরসনের দাবি জানান তিনি।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, বিদ্যালয় গুলোতে নিয়মিত প্রধান শিক্ষক নিয়োগ না দেওয়া পর্যন্ত প্রশাসনিক কার্যক্রমে বিদ্যমান সংকট কাটানো কঠিন হবে। তবে শূন্য পদ পূরণের বিষয়ে আশার কথা জানিয়েছেন বোরহানউদ্দিন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মেহেদী মাসুদ।

তিনি বলেন, ‘আইনি জটিলতার কারণে এত দিন নিয়োগ কার্যক্রম বন্ধ ছিল। তবে বর্তমানে শূন্য পদে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলমান। আমরা আশাবাদী, জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির মাধ্যমে খুব শিগগিরই প্রধান শিক্ষকের শূন্য পদগুলো পূরণ করা সম্ভব হবে।’

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয় গুলোর শূন্য পদ পূরণ, প্রশাসনিক জটিলতা নিরসন এবং শিক্ষকস্বল্পতা দূর করা জরুরি। দ্রুত এসব সমস্যার সমাধান হলে বিদ্যালয় গুলোতে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ফিরবে এবং শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা লাভের সুযোগ পাবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD