তানজিনা শিলা,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তরুণদের দক্ষ, আত্মবিশ্বাসী ও ইতিবাচক চিন্তার নাগরিক হিসেবে গড়ে তুলতে “সার্বজনীন গ্রুপ” ধারাবাহিকভাবে আয়োজন করে চলেছে ফ্রি ‘উদ্যোক্তা তৈরি ও অলরাউন্ডার প্রশিক্ষণ’। এরই ধারাবাহিকতায় শনিবার (১৮ অক্টোবর) আয়েশা আমজাদ টাওয়ারে অনুষ্ঠিত হয় ২০তম সেশনের ৩য় সেমিনার, যেখানে অংশ নেয় ৫৬ জন উদ্যমী তরুণ-তরুণী।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা শিখছেন আত্মবিশ্বাস বাড়ানোর কৌশল, ইতিবাচক মানসিকতা গঠন, এবং বহুমুখী দক্ষতা অর্জনের নানা দিক। ক্লাসে প্রাথমিক চিকিৎসা, ব্লক বাটিক কাজ, কম্পিউটার শিক্ষা সহ ব্যবহারিক জীবনের প্রয়োজনীয় বিষয়গুলো হাতে-কলমে শেখানো হয়।
সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্যে সার্বজনীন গ্রুপের চেয়ারম্যান ও লেখক মোহাম্মদ হোসেন শান্তি বলেন, “আমরা চাই নবীনগরের তরুণরা শুধু চাকরি খোঁজার মানুষ না হয়ে, নিজেরাই কর্মসংস্থানের পথ তৈরি করুক। প্রত্যেকে নিজের জীবনের উদ্যোক্তা হোক।”
সঞ্চালনায় ছিলেন জামাল হোসেন পান্না। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সার্বজনীন গ্রুপের পরিচালক তানজিনা আক্তার শিলা, প্রশিক্ষক রুমা আক্তার সহ আরও অনেকে।
পরিচালক তানজিনা আক্তার শিলা জানান,“আমরা শুধু প্রশিক্ষণেই সীমাবদ্ধ নই; প্রতিটি ক্লাসে প্রশিক্ষণার্থীদের সম্মানী ভাতা প্রদান করছি এবং কোর্স শেষে তাদের কর্মসংস্থানের সুযোগও তৈরি করছি।”
এর আগে গত ২১ সেপ্টেম্বর ১৯তম ব্যাচের ৪২ জন তরুণ-তরুণী সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করে সনদ ও সম্মানী ভাতা গ্রহণ করেছেন।
সার্বজনীন গ্রুপের এ উদ্যোগ নবীনগরের তরুণ সমাজে এক নতুন জাগরণ সৃষ্টি করেছে। ফ্রি প্রশিক্ষণের এই ধারাবাহিক আয়োজন শুধু দক্ষতা বৃদ্ধিতেই নয়, তরুণদের আত্মনির্ভরশীল ও ইতিবাচক ভবিষ্যতের পথে এগিয়ে নিচ্ছে।
স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ মনে করছেন, সার্বজনীন গ্রুপ আজ নবীনগরের তরুণদের জন্য এক আত্মবিশ্বাস ও সম্ভাবনার স্কুল হয়ে উঠেছে।









