ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে আজ (মঙ্গলবার)। দুপুর ১২টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়, যা চলবে আগামী ১৬ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবারের শিক্ষাবর্ষে পাঁচটি ইউনিটের মাধ্যমে ‘আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম’-এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত ১৪ অক্টোবর সাধারণ ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ভর্তি পরীক্ষার সময়সূচি
২৪ নভেম্বর থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
২৮ নভেম্বর আইবিএ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে ভর্তি কার্যক্রম, আর ২০ ডিসেম্বর বিজ্ঞান ইউনিটের পরীক্ষার মাধ্যমে শেষ হবে।
- আইবিএ ইউনিট: ২৮ নভেম্বর
- চারুকলা ইউনিট: ২৯ নভেম্বর
- ব্যবসায় শিক্ষা ইউনিট: ৬ ডিসেম্বর
- কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট: ১৩ ডিসেম্বর
- বিজ্ঞান ইউনিট: ২০ ডিসেম্বর
আইবিএ ইউনিট ছাড়া অন্যান্য সব ইউনিটের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষা হবে মোট ১২০ নম্বরে—এর মধ্যে পরীক্ষায় ১০০ এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফলের ওপর ২০ নম্বর যুক্ত হবে।
- ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে।
- চারুকলা ইউনিটে ৪০ নম্বরের এমসিকিউ এবং ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষা হবে।
- চারুকলা ইউনিটের এমসিকিউ পরীক্ষার সময় ৩০ মিনিট এবং অঙ্কন পরীক্ষার সময় ৬০ মিনিট।
- অন্যান্য ইউনিটে এমসিকিউ ৪৫ মিনিট ও লিখিত পরীক্ষা ৪৫ মিনিট ধরে নেওয়া হবে।
ঢাকার পাশাপাশি দেশের ৮টি বিভাগীয় শহরে পরীক্ষা নেওয়া হবে। সেগুলো হলো—
রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বা কবি নজরুল বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
তবে ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা কেবল ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।
যোগ্যতা ও শর্ত
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ২০২০–২০২৩ সালের মধ্যে এসএসসি/সমমান এবং ২০২৫ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
ন্যূনতম যোগ্যতা:
বিজ্ঞান ইউনিট: জিপিএ যোগফল ≥ ৮.০, প্রতিটিতে ≥ ৩.৫
কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট: জিপিএ যোগফল ≥ ৭.৫, প্রতিটিতে ≥ ৩.০
ব্যবসায় শিক্ষা ইউনিট: জিপিএ যোগফল ≥ ৭.৫, প্রতিটিতে ≥ ৩.০
চারুকলা ইউনিট: জিপিএ যোগফল ≥ ৬.৫, প্রতিটিতে ≥ ৩.০
ভর্তিচ্ছু শিক্ষার্থীরা https://admission.eis.du.ac.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করে ফি পরিশোধ করতে হবে।









