ফরিদপুরে পিস্তল ঠেকিয়ে গৃহবধূর কানের দুল ছিনতাইকারীদের গ্রেফতার করেছে র্যাব-১০। শনিবার সকাল ১১টায় সংস্থাটির গোয়ালচামট কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানানা সংস্থাটির অ্যাডিশনাল ডিআইজি মো. কামরুজ্জামান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, র্যাব-১০, সিপিসি–৩ ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ফরিদপুর জেলার উত্তর শোভারামপুর এলাকায় পিস্তল ঠেকিয়ে এক গৃহবধূর কানের দুল ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটন করেছে। এ ঘটনায় মূল আসামি মো. শরীফুল ইসলাম ওরফে ডন শরীফ (৩৮) ও তার সহযোগী মো. রায়হান মোল্লাকে (২৫) দেড় কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
এর আগে গত ২১ অক্টোবর ভোর ৬টার দিকে ফরিদপুর শহরের উত্তর শোভারামপুর এলাকায় গৃহবধূ মঞ্জু রানী দাসের ওপর অস্ত্রধারী দুই ছিনতাইকারী মোটরসাইকেলে এসে পিস্তল ঠেকিয়ে কানের দুল ছিনিয়ে নেয়। ঘটনাটির ভিডিওচিত্র সিসিটিভি ক্যামেরায় ধারণ হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এতে স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়। পরে এ ঘটনায় ফরিদপুর জেলার কোতয়ালী থানায় মামলা হয়।

ঘটনার পরপরই র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প এর একটি দল ছায়া তদন্ত শুরু করে। তদন্তের অংশ হিসেবে তারা ঘটনাস্থল পরিদর্শন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, প্রযুক্তিগত নজরদারি এবং সোর্সের মাধ্যমে প্রাপ্ত তথ্য যাচাই করে আসামিদের শনাক্ত করতে সক্ষম হয়।
র্যাব-১০ এর দল গতকাল শুক্রবার ফরিদপুরের বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করে এবং সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে ফরিদপুর জেলার সালথা থানা এলাকায় থেকে মূল আসামি মো. শরীফুল ইসলাম ওরফে ডন শরীফ ও তার সহযোগী মো. রায়হান মোল্লাকে গ্রেফতার করে।
র্যাব জানায়, গ্রেফতারের সময় আসামিদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত খেলনা পিস্তল, সুইচ গিয়ার, ক্ষুর, কেচি, পাবনা জেলা থেকে চুরিকৃত মোটরসাইকেল এবং দেড় কেজি গাঁজা আলামত হিসেবে জব্দ করা হয়।

পরবর্তীতে আসামিদের দেওয়া তথ্যমতে আজ শনিবার সকাল ৭টার দিকে র্যাব-৬ এর সহায়তায় কেএমপি, খুলনার হরিণটানা থানা এলাকা থেকে উক্ত ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। আইনগত ব্যবস্থা নিতে আসামিদের ফরিদপুর কোতয়ালী থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র্যাব।
গ্রেফতার আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে ফরিদপুর শহর ও আশপাশ এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে মহিলাদের কাছ থেকে স্বর্ণালংকার, চেইন ও মোবাইল ফোন ছিনিয়ে আসছিল। তারা সাধারণত ভোরে বা রাতের শেষ ভাগে পথচারীদের টার্গেট করে দ্রুত মোটরসাইকেলে ঘটনাস্থল ত্যাগ করতো, যাতে শনাক্ত করা না যায়। এছাড়াও তারা স্থানীয়ভাবে মাদক ক্রয়-বিক্রির সঙ্গে সম্পৃক্ত ছিল বলে র্যাব জানতে পেরেছে।
গ্রেফতার শরীফুল ইসলাম ওরফে ডন শরীফের বিরুদ্ধে ডাকাতি, খুন, চুরি ও মাদকের মামলাসহ মোট ১০টি মামলা রয়েছে।
২০১৮ সালের ১৭ ফেব্রুয়ারি ফরিদপুরের ঝিলটুলী এলাকায় সংঘটিত স্টাফ নার্স অরুনিমা ভৌমিক হত্যা মামলায়ও প্রধান আসামি মো. শরীফুল ইসলাম ওরফে ডন শরীফকে গ্রেফতার করে পুলিশ। ভ্যানিটি ব্যাগ ও মোবাইল ফোন ছিনতাইয়ের সময় হামলার শিকার হয়ে অরুনিমা ভৌমিক মর্মান্তিকভাবে নিহত হন।









