ঢাকাই সিনেমার অমর নায়ক সালমান শাহ। ভালোবাসার এক অনবদ্য রূপকার ছিলেন এই নায়ক। মেয়েদের জন্য ছিলেন স্বপ্নের পুরুষ। সালমানের অগণিত ভক্ত আকাশের ঠিকানায় চিঠি লিখেছেন। যদিও সেই চিঠির আসেনি কোনো উত্তর। তবে মৃত্যুর প্রায় বছর দেড়েক আগে ইথেন নামের এক তরুণীর চিঠির জবাব দিয়েছিলেন সালমান।
১৯৯৫ সালে মার্চ মাসের ৮ তারিখে সালমান শাহ তার ব্যক্তিগত ডায়রিতে ভক্ত ইথেনের উদ্দেশে লেখেন, ‘স্নেহের ইথেন, আমার অনেক ভালোবাসা ও স্নেহাশিষ নিও। তোমার চিঠি অনেক আগেই আমি পেয়েছি। কিন্তু অসম্ভব ব্যস্ততার কারণে উত্তর দিতে সামান্য দেরি হয়েছে বলে আমি দুঃখিত।’
এরপর তিনি আরও লেখেন, ‘মাসুম ভাইয়ের কাছে তোমার কথা অনেক শুনেছি। তোমার মতো একজন ভক্ত আমার আছে জেনে সত্যি খুব আনন্দ পাই এবং মনে মনে খুব গর্বও বোধ করি। তোমাদের মতো অসংখ্য ভক্তদের ভালোবাসাই আমার কাজের প্রেরণা। তোমাদের এই ভালোবাসা আমৃত্যু যেন আমার সাথে থাকে-এই দোয়াই বিধাতার কাছে করি। ব্যস্ততার কারণে অতি সংক্ষেপে চিঠিটা শেষ করতে হচ্ছে বলে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। ভবিষ্যতে আবারও চিঠি লেখার আমন্ত্রণ রইলো। ইতি সালমান শাহ।’
সালমান শাহর হাতে লেখা চিঠিটা গত ৩০ বছর ধরে সযত্নে আগলে রেখেছেন ইথেন।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান তিনি। তার রহস্যজনক মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেন অভিনেতার প্রাক্তন স্ত্রী সামিরা হক। অভিনেতার মৃত্যুর প্রায় তিন দশক পর আদালতের নির্দেশে তার অপমৃত্যুর মামলা, হত্যা মামলা হিসেবে গ্রহণ করেছে পুলিশ।









