দেশজুড়ে ভয়েস ওভার ওয়াই-ফাই (ভিও ওয়াই-ফাই) কলিং সেবা চালু করেছে ডিজিটাল অপারেটর বাংলালিংক। এর মাধ্যমে সারা দেশের গ্রাহকরা মোবাইল নেটওয়ার্কের পাশাপাশি ওয়াই-ফাই ব্যবহার করে উন্নতমানের ভয়েস কল করতে পারবেন। ফলে নেটওয়ার্ক দুর্বল থাকলেও উঁচু ভবন, ঘনবসতিপূর্ণ স্থাপনা ও প্রত্যন্ত অঞ্চলের গ্রাহকরা উপকৃত হবেন।
বাংলালিংক গত বছরের সেপ্টেম্বরে ঢাকা, চট্টগ্রাম ও খুলনার নির্দিষ্ট এলাকায় পরীক্ষামূলকভাবে ভিও ওয়াই-ফাই সেবা চালু করেছিল। এবার আনুষ্ঠানিকভাবে এ সুবিধা চালুর ফলে মোবাইল সিগন্যাল দুর্বল হলে ভিও ওয়াই-ফাই প্রযুক্তির মাধ্যমে স্বচ্ছন্দে ভয়েস কল করতে পারবেন ব্যবহারকারীরা। নতুন এ সুবিধা ব্যবহারের জন্য গ্রাহকদের আলাদা কোনো অ্যাপ ডাউনলোড করতে হবে না কিংবা আলাদা অথেনটিকেশন প্রয়োজন হবে না। ওয়াই-ফাই ও মোবাইল নেটওয়ার্কের মধ্যে নির্বিঘ্নে কোনো ঝামেলা ছাড়াই এ কল সুইচিং সম্পন্ন হবে।
বর্তমানে নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট কিছু হ্যান্ডসেট মডেলে ও নির্বাচিত আইএসপি অংশীদারদের মাধ্যমে ওয়াই-ফাই কলিং সেবা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। এ সেবার সম্প্রসারণে নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা মেনে ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠান ও আইএসপি অংশীদারদের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে বাংলালিংক।—বিজ্ঞপ্তি









