ভয়েস ওভার ওয়াইফাই (ভিওওয়াইফাই) প্রযুক্তি ব্যবহার করে ওয়াইফাই কলিং সেবা চালু করল টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন। ওয়াইফাই কলিং চালুর ফলে ভিওএলটিই (ভয়েস ওভার এলটিই) সেবার আওতায় থাকা গ্রামীণফোন গ্রাহকরা নির্ধারিত স্মার্টফোন ব্যবহার করে আরো মানসম্পন্ন ভয়েস ও কল উপভোগের সুযোগ পাবেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
গ্রামীণফোনের পক্ষ থেকে জানানো হয়, নির্দিষ্ট ওয়াইফাই নেটওয়ার্কে সেবাটি উপভোগ করতে পারবেন গ্রাহকরা। নিরবচ্ছিন্ন সেবা প্রদানে প্রাথমিকভাবে আইএসপি পার্টনার হিসেবে ব্র্যাকনেট, কার্নিভাল ইন্টারনেট, চট্টগ্রাম অনলাইন লিমিটেড ও এমআইমি-ইন্টারনেটের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে গ্রামীণফোন। কলের মান আরো উন্নত করার লক্ষ্যে ডিজাইন করা এ সেবাটি কোনো অতিরিক্ত অ্যাপ ছাড়াই গ্রাহকদের জন্য নিরবচ্ছিন্ন কলিং অভিজ্ঞতা নিশ্চিত করে।
গ্রামীণফোনের চিফ প্রডাক্ট অফিসার (সিপিও) সোলায়মান আলম বলেন, ‘প্রতিনিয়ত উদ্ভাবন ও ডিজিটাল সেবা আনার মাধ্যমে উন্নত গ্রাহক অভিজ্ঞতা দিতে গ্রামীণফোন সংকল্পবদ্ধ। এ অগ্রযাত্রায় ওয়াইফাই কলিং সেবা আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এখন থেকে আমাদের গ্রাহকরা ওয়াইফাই নেটওয়ার্কে আরো স্পষ্ট ও উচ্চ মানসম্পন্ন ভয়েস কল উপভোগের সুযোগ পাবেন।’
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হচ্ছে, ওয়াইফাই কলিং চালুর এ পদক্ষেপ গ্রামীণফোনের মোবাইল অপারেটর থেকে টেলকোটেক কোম্পানিতে রূপান্তরের অগ্রযাত্রাকে আরো দৃঢ় করল। বাড়তি কোনো খরচ ছাড়া আরো উন্নত ভয়েস কল সেবা দেয়ার পদক্ষেপটি গ্রাহককে আরো উন্নত সেবা দেয়ার প্রতিশ্রুতিরই প্রতিফলন। —বিজ্ঞপ্তি









