সোমবার | ১৭ আগস্ট, ২০২৬ | ২ ভাদ্র, ১৪৩৩

এবার পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৩৬৪৭ কারাবন্দী

স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছিলেন ৫৯৬০ জন কারাবন্দী। এর মধ্যে গত তিন দিনে ৩ হাজার ৬৪৭ জন ভোট দিয়েছেন। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে এক খুদে বার্তায় এ তথ্য জানিয়েছে কারা অধিদফতর।

‎কারা অধিদফতর জানায়, ৩ ফেব্রুয়ারি ১ হাজার ৫২১ জন কারাবন্দী পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন। পরদিন ৪ ফেব্রুয়ারি ভোট দেন ৯৮৮ জন এবং গতকাল ৫ ফেব্রুয়ারি ভোট দেন ১ হাজার ১৩৮ জন কারাবন্দী ভোটার।‎

‎নির্ধারিত সময়সূচি অনুযায়ী কারাগারের অভ্যন্তরে শান্তিপূর্ণ পরিবেশে এবং নির্বাচন-সংক্রান্ত সকল বিধিবিধান অনুসরণ করে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

নিয়ম অনুযায়ী, নিজ নিজ নির্বাচনি এলাকার প্রার্থীর পক্ষে কারাবন্দী ভোটাররা তাদের ভোট প্রদান করছেন।

কারা সূত্রে জানা গেছে, দেশের সব কারাগারের মধ্যে সবচেয়ে বেশি ভোটার রয়েছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ)। এখানে ৬০০ জনের বেশি কারাবন্দী ভোটার রয়েছেন।

কেরানীগঞ্জ বিশেষ কেন্দ্রীয় কারাগারে বন্দী সাবেক মন্ত্রী, রাজনৈতিক নেতাসহ মোট ২২ জন রাজনৈতিক ব্যক্তিত্বের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল। তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ ছাড়া সাবেক পুলিশ কর্মকর্তা, সাবেক সচিবসহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ রয়েছেন। ওই বিশেষ কারাগারে দুটি বুথের মাধ্যমে পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ কার্যক্রম আয়োজন করা হয়।

 

৩ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের পূর্বঘোষণা অনুযায়ী কারা কর্তৃপক্ষ সকাল থেকে কারাগারে স্থাপিত বুথগুলোয় ভোট গ্রহণ শুরু করে। এদিন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে গিয়ে সরাসরি ভোট গ্রহণ কার্যক্রম পরিদর্শন করেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।

এ সময় মোতাহের হোসেন জানান, সারা দেশের বিভিন্ন কারাগারে থাকা ৫ হাজার ৯৬০ জন বন্দী ভোটার আজ থেকে পোস্টাল ব্যালটে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

এর আগে ডাকযোগে খামযুক্ত পোস্টাল ব্যালট পেপার সংশ্লিষ্ট সব কারাগারে পৌঁছে দেওয়া হয়। বন্দীদের ভোট গ্রহণের এই কার্যক্রম ৫ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারিত থাকলেও মাঝখানে ৪ ফেব্রুয়ারি সরকারি ছুটি থাকায় ভোট গ্রহণের সময়সীমা এক দিন বাড়িয়ে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করে নির্বাচন কমিশন (ইসি)।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD