চট্টগ্রামের মিরসরাইয়ে গভীর রাতে প্রধান ফটকের তালা ভেঙে ঘরে ঢুকে অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
সোমবার (১৭ নভেম্বর) দিনগত রাত দেড়টার দিকে উপজেলার খইয়াছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মাছিমেরতালুক এলাকার অবসরপ্রাপ্ত সেনাসদস্য সার্জেন্ট মোহাম্মদ আবু সুফিয়ানের বাড়িতে এ ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ দিয়ে অবসরপ্রাপ্ত সেনাসদস্য সার্জেন্ট আবু সুফিয়ান বলেন, আমার দুই ছেলে চাকরির সুবাদে শহরে থাকে৷ ঘরে আমার দুই ছেলের বউ দুই নাতি আর আমার সহধর্মিণী ছিল৷ ডাকাতদল রাত দেড়টা নাগাদ দরজার তালা ভেঙে আমার রুমে ঢুকে কিছু বুঝে ওঠার আগে আমার পরনের লুঙ্গি দিয়ে আমার হাত বেঁধে ফেলে৷ পাশের রুম থেকে আমার ছেলের বউ নাতিদের শব্দ শুনতে পাই৷
আবু সুফিয়ান বলেন, পরবর্তীতে ডাকাতদলের সদস্য আমার দুই নাতির গলা চেপে ধরলে ছেলের বউরা চিৎকার করে। এসময় তাদের বেধড়ক চড় থাপ্পড় ও মারধর করে৷ কানের দুল জোর করে নেওয়ার জন্য প্রচণ্ড আঘাত করা হয়। তারা আমার পরিবারের সদস্যদের ১০ ভরি সোনা, ২৫ হাজার ৭০০ টাকা, ৪টি মুঠোফোন নিয়ে যায়৷ ঘরের ভেতর সাতজন ডাকাত প্রবেশ করলেও বাইরে আরও কয়েকজন পাহারায় ছিল। ডাকাতরা চলে যাওয়ার পর সবার রুম বন্ধ করে দিয়ে যায়, শুধু আমার স্ত্রী রুমের দরজা খোলা ছিল৷ সে সবার দরজা খুলে দিলে পুরাতন বাড়িতে গিয়ে আশ্রয় নিই৷
এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ডাকাতির ঘটনা শোনার সঙ্গে সঙ্গে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি৷ মৌখিকভাবে সব তথ্য নোট করে নিয়েছি৷ সকালেও পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে৷ এখনও এ বিষয়ে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।









