মানিকগঞ্জ সদর হাসপাতালে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই আনসার সদস্যকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। আটক আনসার সদস্যরা হলেন শাহাদাত হোসেন ও আবু সাঈদ। এ ঘটনায় দুই সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ভুক্তভোগী নারীর স্বামী জানান, তাদের বাড়ি নারায়ণগঞ্জে। রোববার রাতে তারা একটি ব্যাটারিচালিত ভ্যানে করে মানিকগঞ্জের বেতিলায় এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। পথে দেরি হয়ে যাওয়ায় নিরাপত্তার কারণে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে অবস্থান নেন।
এ সময় দুই আনসার সদস্য নিরাপত্তার অজুহাতে তাদের প্রথমে হাসপাতালের দ্বিতীয় তলায় নিয়ে যান। এরপর হাসপাতালের নতুন ভবনের ১০ তলার নিচতলায় স্বামীকে রেখে ওই ভবনের দ্বিতীয় তলায় ওই নারীকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। পরে ওই নারী তার স্বামীকে সবকিছু বলেন এবং তারা থানায় গিয়ে অভিযোগ দেন।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার বলেন, ‘অভিযোগ পেয়েই পুলিশ গিয়ে দুই আনসার সদস্যকে আটক করে থানায় নিয়ে আসে। মেয়েটি যেন সঠিক চিকিৎসা পায় সে বিষয়টি দেখার জন্য হাসপাতালে এসেছি। তার স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রম অব্যাহত আছে।’
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট কামরুজ্জামান বলেন, ‘প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়ার পর পরই দুই আনসার সদস্যকে বাহিনী থেকে বহিষ্কার করা হয়েছে। তাদের দায় বাহিনী নেবে না। এ ঘটনায় দুই সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’
হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ বাহাউদ্দীন বলেন, ‘তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’









