অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া বলেছেন, আমরা ১০ দলীয় জোটের পক্ষ থেকে স্পষ্টভাবে বলতে চাই, আপনারা যদি আমাদের নির্বাচিত করেন, তা হলে ক্ষমতায় আসার এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ হিসেবে ঘোষণা করা হবে।
তিনি বলেছেন, গত ১৫ মাস যখন আমি দায়িত্বে ছিলাম, আমাদের অভাগা, আমাদের বঞ্চিত কুমিল্লার উন্নয়নের জন্য কাজ করেছি। কুমিল্লাকে বিভাগ হিসেবে বাস্তবায়নের জন্য গত দেড় বছরে যত প্রক্রিয়া সম্পন্ন করার প্রয়োজন, সব প্রক্রিয়া শেষ হয়ে গেছে। শুধু মাত্র একটি ঘোষণার অপেক্ষা। কোনো রাজনৈতিক দল যেই ক্ষমতায় আসুক, কুমিল্লাকে বিভাগ হিসেবে ঘোষণা করা ছাড়া আর কোনো উপায় বাকি নেই।
গণভোটের পক্ষে পদযাত্রায় বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বারে নিউমার্কেট ‘মুক্তিযুদ্ধ চত্বরে’ আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, শেখ হাসিনা কুমিল্লাকে নিয়ে তার বিশেষ ধরনের কষ্ট ছিল। সেই কষ্ট থেকে কুমিল্লায় নতুন ধরনের প্রস্তাব তো দূরের কথা, যে প্রকল্পগুলো চালু ছিল, তাও বন্ধ করে দিয়েছিল।
তিনি বলেন, কুমিল্লার যেখানে পাকা রাস্তা ছিল, কাজ শেষ না হতে হতেই তা মাটির রাস্তায় পরিণত হয়েছে। আমরা গত ১৭ বছরের নিপীড়ন দেখেছি, বাংলাদেশের মানুষ ১৭ বছর নিপীড়নের পর, গত ১৭ মাসে আবার নিপীড়নের শিকার হয়েছে। ১৭ বছরে আমরা দেখেছি গুম, খুন, নির্যাতন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, যত ধরনের অন্যায়, অনাচার আছে, শেখ হাসিনার পক্ষ থেকে আমরা সেগুলো পেয়েছি। কিন্তু গত ১৭ মাসে ক্ষমতায় না থাকা স্বত্বেও একটি দল সেই ১৭ বছরের অভিজ্ঞতা বাংলাদেশের মানুষকে দিয়েছে। সুতরাং সেই অভিজ্ঞতায় আমরা ভোটাধিকার প্রয়োগে সিদ্ধান্ত গ্রহণের জন্য যথেষ্ট হওয়া উচিত। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি গণভোটে ১০ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান।
এসময় আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া ছাড়াও আরও উপস্থিত ছিলেন- এনসিপির যুগ্ম-আহ্বায়ক মনিরা শারমিন, কুমিল্লা-৩ আসনের (মুরাদনগর) জামায়েতের প্রার্থী ইউছুফ সোহেল, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় আহ্বায়ক তরিকুল ইসলাম, কুমিল্লা (উ.) জেলা জামায়াতের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহিদ, এনসিপি দেবীদ্বার উপজেলা প্রধান সমন্বয়ক জাহাঙ্গীর আলম প্রমুখ।
পথসভা চলাকালে সেনা, র্যাব, পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার চাদরে ঢাকা ছিল আজকের এ পদযাত্রা মঞ্চ।









