শুক্রবার | ১৭ এপ্রিল, ২০২৬ | ৪ বৈশাখ, ১৪৩৩

কাল রাজশাহী যাচ্ছেন তারেক রহমান

স্টাফ রিপোর্টার

দীর্ঘ প্রায় ২৩ বছর পর বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজশাহীতে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এসে তার মা সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার সর্বশেষ আসা ঐতিহাসিক মাদরাসা মাঠে সমাবেশে বক্তব্য দেবেন তিনি। কর্মসূচি ঘিরে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি।

rajshahi_1

সর্বকালের সর্ববৃহৎ জনসমুদ্র হবে বলে বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে দলটির নেতারা জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত বলেন, যেদিন তারিখ ঘোষণা হয়েছে, তার পরই আমরা ৪টি জেলাকে নিয়ে বসেছিলাম। নেতৃবৃন্দকে নিয়েছিলাম। প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি। তারেক রহমান দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন। খালেদা জিয়া মারা যাওয়ার পর আমাদের ভেতরে শোক কাজ করছিল, জনগণ শোকাহত ছিল। কিন্তু তারেক রহমানের প্রত্যাবর্তনের পর সারা বাংলাদেশ নতুন করে জেগে উঠেছে। নতুন প্রত্যয়, নতুন চেতনা।

তিনি বলেন, তারেক রহমান উত্তরবঙ্গের সন্তান, জিয়াউর রহমান এই উত্তরবঙ্গের সন্তান। তার শেকড় এখানে রয়েছে। একটা আবেগ, ভালোলাগা কাজ করছে। সে কারণে সবাই প্রচণ্ড রকম আশার মধ্য দিয়ে, প্রত্যাশার মধ্য দিয়ে, আবেগের মধ্য দিয়ে, ভালোবাসার মধ্য দিয়ে আগামীকাল আমরা তাকে সিক্ত করে এখানে অভিনন্দিত করবো।

rajshahi_2

 

তিনি আরও বলেন, রাজশাহীর চাওয়া পাওয়া আছে, উত্তরবঙ্গের চাওয়া পাওয়া আছে, সেটাও আমরা বলবো। যেহেতু কাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা আছে, তারা যেন আগে চলে আসে। নেতাকর্মীদের বলে দিচ্ছি, পরীক্ষার্থীদের যেন সর্বাত্মক সহযোগিতা করে, পরীক্ষার হলে যেতে যেন সহযোগিতা করে। কারণ আমরা জনগণের দল, জনগণের বিড়ম্বনা বা কোনো কিছুতে কষ্ট হোক, সেটা আমরা চাইবো না।

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এবং রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সাবেক এমপি মিজানুর রহমান মিনু বলেন, রাজশাহী মহানগর ও ৪টি জেলা আয়োজিত এ সমাবেশ মহাসমুদ্রে রূপ লাভ করবে ইনশাল্লাহ। আমার মনে হয়, ভোরের মধ্যেই সমগ্র রাজশাহী মহানগরী এবং এই মাঠ জনসমুদ্রে পরিণত হবে। কারণ, আমরা এর আগেও চরম প্রতিকূল অবস্থায় মিটিং করেছি, আমাদের অভিজ্ঞতা আছে। আমাদের মাননীয় চেয়ারম্যান তারেক রহমান সাহেব, এই মুহূর্তে মানুষ তার দিকে, তাকিয়ে আছে। জনগণ চায়, একটি পরিবর্তন এবং একটি নতুন দেশ।

rajshahi_3

মিনু বলেন, আমি বিশ্বাস করি, মহাসমুদ্রর মধ্য দিয়ে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ধানের শীষের দুর্গ রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠ, শত শত বছরের প্রাচীন, সেই মাঠের এই সভা ইতিহাসে লিখা থাকবে। সর্বকালের সর্ববৃহৎ জনসমুদ্র, যা পুরো মহানগরে জনসমুদ্রে রূপ লাভ করবে।

বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করে মিনু বলেন, রাজশাহী ছিল একটি জরাজীর্ণ, অন্ধকারাচ্ছন্ন, চলাচলের অনুপযোগী একটি আতঙ্কের মহানগরী ছিল। কিন্তু আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পর রাজশাহীর যা কিছু উন্নয়ন, সব আপনাদের সামনে আছে। সব কৃতিত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়ার। আর আমি ছিলাম, আর আমার সাথে আমার বড় ভাই কবির ভাইসহ আরও নেতৃবৃন্দ ছিল এবং ম্যাডামের সুনিপুণ কর্মের মধ্য দিয়ে রাজশাহী মহানগরীর একটি নতুন রূপ লাভ করেছিল।

তারেক রহমানের আগমন প্রসঙ্গে মিনু বলেন, ৪ জেলায় ১৩ জন প্রার্থী রয়েছেন। তিনি (তারেক রহমান) সবার সামনে পরিচয় করিয়ে দেবেন। তার পরিকল্পনার আগাম বার্তা দিয়ে দিয়েছেন। তার আগমন এ অঞ্চলের ৩৯ আসনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করবে।

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিমানযোগে রাজশাহীর হজরত শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছাবেন তারেক রহমান। এরপর সরাসরি নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠে সমাবেশে যোগ দেবেন। দুপুরের তার বক্তব্য প্রদান শেষে সন্ধ্যায় নওগাঁ বাইপাসে এবং রাতে বগুড়ায় নির্বাচনি সমাবেশে ভাষণ দেবেন তিনি। এরপর বগুড়ায় রাত্রিযাপন করার সম্ভাবনাও রয়েছে। সংবাদ সম্মেলনে রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে, তারেক রহমানের আগমন ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। র‌্যাবের পক্ষ থেকে সেখানে টহলও দেওয়া হয়েছে।

জানা গেছে, তারেক রহমান সর্বশেষ ২০০৩ সালে রাজশাহী এসেছিলেন। রাজশাহীতে স্টেডিয়ামে কর্মী সভায় যোগ দিয়েছিলেন তিনি। দীর্ঘ প্রায় ২৩ বছর পর সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে দলটি। বৃহস্পতিবার দুপুরে কর্মসূচিতে যোগ দিয়ে দেশবাসীর উদ্দেশে নানা দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন তারেক রহমান। তার আগমন ঘিরে নেতাকর্মীরা ব্যাপক উজ্জীবিত। শেষ মুহূর্তে মোড়ে মোড়ে প্রচার মিছিল হচ্ছে। জেলা ও নগরীজুড়ে চলছে মাইকিং। ধানের শীষের ভোট প্রার্থনার পাশাপাশি সমাবেশে যোগদানের আহ্বান জানানো হচ্ছে মাইকিংয়ে।

সংশ্লিষ্টরা বলছেন, রাজশাহী বিএনপির দুর্গ হিসেবে বেশ আগে থেকেই পরিচিত। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দলের নেতাকর্মীরাও ঐক্যবদ্ধ হয়েছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজশাহী-২ (সদর) আসনে মিজানুর রহমান মিনুর পক্ষে মাঠেও নেমেছেন তারা। এছাড়া একটি ছাড়া বাকি অন্যান্য সব আসনেও ধানের শীষের একক প্রার্থীর পক্ষে বিপরীত গ্রুপের নেতাকর্মীরাও মাঠে নেমেছেন, প্রচারণা চালাচ্ছেন। এরমধ্যে রাজশাহীতে সরাসরি তারেক রহমানের আগমন দলটির ভিত্তি আরও মজবুত করবে। নির্বাচনে এর বড় প্রভাব পড়বে বলেও মনে করছেন নেতাকর্মীরা।

এর আগে, ১৩ বছর আগে, ২০১৩ সালের ১৬ সেপ্টেম্বর উত্তরবঙ্গে সর্বশেষ এবং সর্ববৃহৎ জনসভায় এসেছিলেন দেশের তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন প্রয়াত বেগম খালেদা জিয়া। প্রায় ২০ লাখ মানুষের উপস্থিতিতে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছিলেন তিনি। ওইদিনই দেশ বাঁচাতে স্বৈরাচার আওয়ামী লীগের পতন ঘটানোর ডাক দিয়েছিলেন খালেদা জিয়া। ঐতিহাসিক সেই মঞ্চেই এবার তার সন্তান দলটির চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য দেবেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD