কুমিল্লায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কার্যক্রম-২০২৬ শুরু হচ্ছে আগামীকাল সোমবার (২০ এপ্রিল)। টানা ১৪ কর্মদিবস ধরে চলবে এ কার্যক্রম।
রোববার (১৯ এপ্রিল) বিকেলে কুমিল্লা সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে বিষয়টি নিশ্চিত করেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
কুসিক সূত্র জানায়, টিকাদান কার্যক্রমের প্রথম ৮ দিনে মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে স্থায়ী ও অস্থায়ী ইপিআই কেন্দ্রগুলোতে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এক ডোজ হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। পরবর্তী ৬ দিনে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাক-প্রাথমিক বা সমমান শ্রেণিতে অধ্যয়নরত ৫ বছরের কম বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে।
১৪ দিনব্যাপী এই ক্যাম্পেইনের আওতায় মোট ৪৮ হাজার ৪ জন শিশুকে টিকা প্রদান করা হবে। এর মধ্যে প্রাক-প্রাথমিক বা সমমান শ্রেণিতে অধ্যয়নরত ৫ বছরের কম বয়সী শিক্ষার্থী রয়েছে ৪ হাজার ৪৪৫ জন এবং শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে থাকা কমিউনিটি শিশু রয়েছে ৪৩ হাজার ৫৫৯ জন।
এ সময় স্বাস্থ্য বিষয়ক আলোচনায় অংশ নেন কুসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদ মামুন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের কুমিল্লা প্রতিনিধি ডা. সাবিজা ইয়াসমিন, কুসিকের স্বাস্থ্য কর্মকর্তা ডা. চন্দ্র রাণী দেবনাথ এবং ইপিআই-এর মেডিকেল টেকনোলজিস্ট মো. জহিরুল ইসলাম।









