গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) মহানগরের ভোগড়া এলাকা থেকে ১২ কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেপ্তার করেছে।
বুধবার (২৯ এপ্রিল) জিএমপির পরিদর্শক (মিডিয়া) খন্দকার জালাল উদ্দিন মাহমুদ এ তথ্য জানান।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের একজন মো. আকাশ (২৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার সিংগারবিল উতারিয়াপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় বাসন থানার ভোগড়া বাইপাস এলাকায় মহাসড়কের পাশে ফুটপাতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন মো. আকাশকে আটক করা হয় এবং তার হেফাজত থেকে প্লাস্টিকের বস্তার ভেতরে রক্ষিত ৬টি প্যাকেট জব্দ করা হয়। প্রতিটি প্যাকেটে দুই কেজি করে মোট ১২ কেজি গাঁজা পাওয়া যায়। এ ঘটনায় বাসন থানায় মামলা হয়েছে।
পুলিশ কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তার হওয়া মো. আকাশের বিরুদ্ধে আগে থেকেই দুটি মাদক মামলা এবং একটি ননজিআর প্রসিকিউশন রয়েছে।









