চীনের কমিউনিস্ট পার্টির বিশেষ আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে বেইজিংয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (১৯ এপ্রিল) রাত ১০টা ১০ মিনিটে চায়না এয়ারের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
বিমানবন্দরে বিএনপি মহাসচিবকে বিদায় জানান বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় তারা কুশল বিনিময় ও সংক্ষিপ্ত সৌজন্য সাক্ষাৎ করেন। সফরকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে রয়েছেন তার সহকারী একান্ত সচিব জনাব ইউনুস আলী।
দলীয় ও মন্ত্রণালয় থেকে জানা গেছে, এই সফরে চীনের শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন মির্জা ফখরুল। বৈঠকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার, উন্নয়ন প্রকল্প এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।









