মঙ্গলবার | ২ জুন, ২০২৬ | ১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩

জুলাই-আগস্টে স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত আসবে: প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার

জাতীয় বাজেটে নির্বাচনের প্রয়োজনীয় বরাদ্দ অন্তর্ভুক্ত হওয়ার পরই আগামী জুলাই-আগস্টে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, সরকার দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে চায় এবং এ বিষয়ে প্রস্তুতিমূলক কাজ ইতোমধ্যেই চলছে।

মঙ্গলবার (২ জুন) রাজধানীর গুলশান, বনানী ও হাতিরঝিল লেক এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ঢাকার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, লেক ব্যবস্থাপনা, ডেঙ্গু নিয়ন্ত্রণ এবং নগর পরিচ্ছন্নতা নিয়েও সরকারের অবস্থান তুলে ধরেন।

প্রতিমন্ত্রী বলেন, বাজেট বরাদ্দ নিশ্চিত হওয়ার পর নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় করে কোন নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, সেই বিষয়ে বিস্তারিত রোডম্যাপ ঘোষণা করা হবে। নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি ধাপে ধাপে এগিয়ে নেওয়া হচ্ছে এবং প্রশাসনিক পর্যায়ে কাজ চলছে। সরকারের লক্ষ্য হলো স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর করা এবং নাগরিক সেবার মান উন্নত করা।

ঢাকার জলাশয় ও লেক ব্যবস্থাপনা প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, রাজধানীর লেকগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে। বিশেষ করে সুয়ারেজ ব্যবস্থাপনা উন্নয়নের অংশ হিসেবে দাসেরকান্দি প্রকল্পে বর্জ্য স্থানান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে। দ্রুতই এ প্রকল্প একনেকে উপস্থাপন করা হবে।

তার মতে, দীর্ঘমেয়াদে নগরের জলাশয় রক্ষা করতে আধুনিক সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) ব্যবস্থা অত্যন্ত জরুরি, যাতে বাসাবাড়ির বর্জ্য সরাসরি লেকে না পড়ে।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, মশার উৎপত্তিস্থল চিহ্নিত করে ধ্বংসের কাজ চলমান রয়েছে। বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে নগরবাসীর সহযোগিতা ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ পুরোপুরি সম্ভব নয়। লেক ও খাল পরিষ্কার রাখার পাশাপাশি বাসাবাড়ির বর্জ্য ব্যবস্থাপনায় সবাইকে আরও সচেতন হতে হবে।

 

হাতিরঝিল এলাকায় চলমান পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম প্রসঙ্গে তিনি জানান, সেখানে সুয়ারেজ লাইনের কারণে কিছু জটিলতা রয়েছে। তাই কাজ সম্পন্ন করতে কিছুটা সময় লাগবে। তবে নিয়মিত তদারকির মাধ্যমে পরিস্থিতি উন্নত করার চেষ্টা চলছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদের পরের দিন ঢাকা শহর ঘুরে বিভিন্ন এলাকার পরিস্থিতি নিজে পর্যবেক্ষণ করেছেন। তিনি প্রটোকল ছাড়া গাড়ি চালিয়ে প্রায় চার ঘণ্টা সময় ধরে নগরীর বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং যেখানে গাফিলতি পেয়েছেন সেখানে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এ নির্দেশনার পরই সংশ্লিষ্ট দফতরগুলো আরও সক্রিয় হয়েছে।

তিনি জানান, এরই মধ্যে দায়িত্ব অবহেলার অভিযোগে দক্ষিণ সিটি করপোরেশনের একজন নির্বাহী প্রকৌশলীসহ তিনজন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি মন্ত্রণালয়ের ২০টি টিম রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম মনিটরিং করছে।

ডেঙ্গু নিয়ন্ত্রণ ও নগর ব্যবস্থাপনায় সরকারের অবস্থান তুলে ধরে মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রী নগরবাসীর সহযোগিতা চেয়েছেন এবং সরকারের পক্ষ থেকেও নাগরিকদের অংশগ্রহণ কামনা করা হচ্ছে। তিনি বলেন, ঢাকার দুই সিটি করপোরেশনে জনপ্রতিনিধি না থাকায় কিছুটা সমন্বয় সমস্যা তৈরি হয়েছে, তবে প্রশাসনিক পর্যায়ে কাজ চলমান রয়েছে এবং ধীরে ধীরে কার্যক্রমের গতি বাড়ছে।

সবশেষে তিনি পুনরায় উল্লেখ করেন, বাজেট অনুমোদনের পরই স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং জুলাই-আগস্টকে কেন্দ্র করেই সম্ভাব্য সময়সূচি নির্ধারণ করা হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD