শনিবার | ২ মে, ২০২৬ | ১৯ বৈশাখ, ১৪৩৩

তিন বছরের শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, চাচা-চাচি আটক

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় তিন বছরের এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে বাড়ির পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

নিহত শিশুর নাম তাসনূহা। সে উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের পানচাইল গ্রামের পাটোয়ারী বাড়ির রুবেল হোসেনের মেয়ে।

পরিবারের বরাত দিয়ে জানা গেছে, বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে হঠাৎ নিখোঁজ হয়ে যায় তাসনূহা। পরিবারের সদস্যরা শিশুটিকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। ডুবুরি দল পুকুরে তল্লাশি চালায়, জাল দিয়েও খোঁজা হয়, কিন্তু শিশুটিকে পাওয়া যায়নি।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে বাড়ির লোকজন পুকুরে একটি বস্তা ভাসতে দেখেন। সেটি উঠিয়ে দেখেন শিশুটির বস্তাবন্দি লাশ। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হলে শাহরাস্তি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

তদন্তের অংশ হিসেবে পুলিশ ও এলাকাবাসী শিশুটির চাচার ঘরের বিভিন্ন স্থানে রক্তের দাগ দেখতে পান। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য চাচা রিপন ও চাচি সাথী আক্তারকে আটক করে পুলিশ।

স্থানীয় ইউপি সদস্য মাওলানা আমিনুল হক বলেন, “আমার আগেই সন্দেহ হয়েছিল। পুলিশ ঘটনাস্থলে আসার পর আমি ঘর তল্লাশি করতে বলি। তখন শিশুটির চাচার ঘরে আলামত মেলে, যা তাদের সম্পৃক্ততার প্রমাণ দিচ্ছে।”

শাহরাস্তি থানার ওসি আবুল বাসার বলেন, “শিশুটি বুধবার থেকে নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা ডুবুরি দিয়ে পুকুরে খোঁজ করেও পাননি। পরে বস্তাবন্দি লাশ উদ্ধার হয়েছে। ধারণা করা হচ্ছে, শিশুটিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য চাচা-চাচিকে আটক করা হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।”

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD