রবিবার | ২৬ জুলাই, ২০২৬ | ১১ শ্রাবণ, ১৪৩৩

নওগাঁয় একদিনে ৪ জনের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার

নওগাঁর বদলগাছী, আত্রাই ও রাণীনগর উপজেলা থেকে স্বামী-স্ত্রীসহ চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ জুলাই) দুপুরে বদলগাছীতে খালের পানিতে ডুবে নবদম্পতির মৃত্যু হয়।

একই দিন সকালে আত্রাইয়ে নিজ ঘর থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ এবং দুপুরের দিকে রাণীনগরে বিলের পানি থেকে নিখোঁজের সাড়ে তিন ঘণ্টা পর এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মৃত নবদম্পতি হলেন- নুর ইসলাম (২২) ও তার স্ত্রী সুমাইয়া আক্তার (১৮)। নুর ইসলাম মেহেরপুর জেলার গাংনী উপজেলার বেদবাড়িয়া গ্রামের আবুল কাশেমের ছেলে এবং সুমাইয়া আক্তার বদলগাছীর কার্তিকাহার গ্রামের শাহিনের মেয়ে। মাত্র ছয় মাস আগে তাদের বিয়ে হয়েছিল।

অন্যদিকে আত্রাই থেকে উদ্ধার হওয়া যুবকের নাম লিমন হাসান (২৮)। তিনি উপজেলার বান্দাইখাড়া সরদার পাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

অপরদিকে রাণীনগর থেকে উদ্ধার হওয়া কৃষক আব্দুল মন্ডল (৫৫) উপজেলার সদরের বেলবাড়ি গ্রামের ইব্রাহীম মন্ডলের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে স্ত্রীকে নিয়ে বদলগাছীর শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন নুর ইসলাম। রোববার দুপুরে বাড়ির পাশের একটি খালে অন্যদের সঙ্গে গোসল করতে নামেন তিনি। এ সময় পাড়ে দাঁড়িয়ে ছিলেন স্ত্রী সুমাইয়া। একপর্যায়ে নুর ইসলাম পানিতে তলিয়ে গেলে তাকে উদ্ধার করতে সুমাইয়াও পানিতে ঝাঁপ দেন। এতে দুজনই নিখোঁজ হন। পরবর্তীতে স্থানীয় লোকজন আধা ঘণ্টার প্রচেষ্টায় দুজনকে পানি থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমীন জানান, হাসপাতালে সুরতহাল করা হয়েছে। প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

আত্রাই থানা-পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে লিমন হাসান নিজ কক্ষে ঘুমাতে যান। আজ সকালে পরিবারের সদস্যরা তার সাড়া না পেয়ে দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে রাণীনগরে স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল ৯টার দিকে আব্দুল মন্ডল ও তার স্ত্রী নৌকা নিয়ে গ্রামের বিলের মধ্যে গরুর ঘাস কাটতে যান। ঘাস কেটে নৌকায় বাড়ি ফেরার পথে অসাবধানতাবশত আব্দুল মন্ডল পানিতে পড়ে নিখোঁজ হন। পরে স্থানীয়দের পাশাপাশি খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছায়। তারা যৌথ উদ্ধার অভিযান চালিয়ে সাড়ে ৩ ঘণ্টা পর দুপুর সাড়ে ১২টার দিকে বিলের পানি থেকে আব্দুল মন্ডলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD