নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নিজ বাড়ির সামনে গুলিবিদ্ধ হয়েছেন জামায়াতের এক কর্মী। রোববার রাত সাড়ে ১১টার দিকে আমানউল্লাহপুর ইউনিয়নের আইয়ুবপুর গ্রামের ছাদু নেতার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ মাইনুল ইসলাম ওরফে মাহিন (২৪) আমানউল্লাহপুর ইউনিয়নের আইয়ুবপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাহিন নিজ বাড়ির সামনে বন্ধুদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় দুটি সিএনজিচালিত অটোরিকশায় চার-পাঁচজন মুখোশধারী টর্চলাইট জ্বালিয়ে মাহিনকে লক্ষ্য করে গুলি চালায়। প্রথম গুলিটি তার ডান পায়ের হাঁটুতে লাগলে তিনি মাটিতে পড়ে যান। পরে একই স্থানে আরো একটি গুলি করা হয়। এরপর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।
সোমবার দুপুরে উপজেলা জামায়াতের সেক্রেটারি আবদুর রহিম বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসার কারণে এ ঘটনা ঘটতে পারে বলে আমরা ধারণা করছি। মাহিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন ও উপজেলা আমির মাওলানা আবু জায়েদ বলেন, বেগমগঞ্জের পশ্চিমাঞ্চল অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে বলে মনে করেন এবং অবিলম্বে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করতে আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
বেগমগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. হাবীবুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখান থেকে একটি খালি কার্তুজ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে জানা গেছে, আহত যুবক সরাসরি কোনো দলের সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত নন। সিসিটিভির ফুটেজ দেখে ঘটনার তদন্ত চলছে এবং হামলাকারীদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।









