পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় সোলায়মান হক (৩৭) নামে এক তরুণ আইনজীবীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে জেলা শহরের আহামদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোলায়মান হক পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির একজন সদস্য ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে আইন পেশায় নিয়োজিত ছিলেন। তার এমন আকস্মিক মৃত্যুতে সহকর্মী ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে আদালতের কার্যক্রম শেষে মোটরসাইকেলে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি। পথে আহামদনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
জানা গেছে, নিহত সোলায়মান হক জেলার বোদা উপজেলার মাড়েয়া বাজার এলাকার মকবুল হোসেনের ছেলে।
এদিকে, এ মর্মান্তিক ঘটনায় জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে ঘাতক ট্রাকচালককে গ্রেফতারের দাবি জানানো হয়েছে।









