পঞ্চগড়ে সোমবার থেকে শুরু হচ্ছে জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন। এ কর্মসূচির আওতায় জেলার ১ লাখ ৩৬ হাজার ৫২৭ জন শিশুকে টিকা প্রদান করা হবে।
জেলার পাঁচটি উপজেলা ও তিনটি পৌরসভায় মোট ১ হাজার ১০৯টি কেন্দ্রে এ টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। প্রতিটি কেন্দ্রে দায়িত্ব পালন করবেন ১৪৩ জন টিকাদান কর্মী। এছাড়া কোনো শিশু যেন টিকা থেকে বাদ না পড়ে, সে লক্ষ্যে ২৬৪টি অতিরিক্ত টিম মাঠে কাজ করবে।
রোববার বিকেলে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান। এ সময় হাম-রুবেলা রোগের প্রাদুর্ভাব ও প্রতিরোধ বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. সাদমান সাকিব।
ব্রিফিংয়ে সিভিল সার্জন বলেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। যদিও যেকোনো বয়সের মানুষ এতে আক্রান্ত হতে পারে, তবে শিশুদের মধ্যেই এর প্রকোপ, জটিলতা ও মৃত্যুহার বেশি।
তিনি আরও জানান, হাম রোগ থেকে নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, এনসেফেলাইটিস, অন্ধত্ব ও বধিরতার মতো গুরুতর জটিলতা দেখা দিতে পারে। তাই সময়মতো টিকা গ্রহণই এ রোগ থেকে সুরক্ষার সবচেয়ে কার্যকর উপায়।
পঞ্চগড় জেলায় ক্যাম্পেইন সফল করতে গণমাধ্যমকর্মীসহ সকলের সহযোগিতা কামনা করেন তিনি।









