নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযানে হত্যা, অপহরণ ও মাদকসহ একাধিক মামলার আসামি রেজাউল বাহিনীর প্রধান রাজ্জাক (৫০) এবং তার ছেলে মো. ওয়াসিমকে (২২) গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ৫৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে একটি প্রেস ব্রিফিংয়ে নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি জানায়, রাজ্জাকের বিরুদ্ধে ২টি হত্যা, ২টি অপহরণ, ২টি মাদক ও চাঁদাবাজিরসহ মোট ১২টি মামলা রয়েছে। অন্যদিকে তার ছেলে ওয়াসিমের বিরুদ্ধে ১টি হত্যা, ১টি অপহরণ, অস্ত্র আইন ও ডাকাতির প্রস্তুতিরসহ মোট ৭টি মামলা রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে সকালে ফতুল্লা থানার ইসদাইর এলাকার ৫২ নামে একটি বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে এসআই নন্দন চন্দ্র সরকার ও এসআই শামীম হোসেনের নেতৃত্বে বিশেষ টিম অংশ নেয়। অভিযানে রেজাউল বাহিনীর প্রধান রাজ্জাক এবং তার ছেলে ওয়াসিমকে গ্রেফতার করা হয়।









