বরগুনার পাথরঘাটার লোকালয় থেকে একটি মায়াবী হরিণ স্থানীয়দের সহযোগীতায় উদ্ধার করেছে বন বিভাগ। সোমবার (১১ মে) সকাল ৬টার দিকে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের গাব্বারিয়া গ্রামের এ ঘটনা ঘটে।
স্থানীয় আসাদুল বলেন, আমি ফসলের মাঠে কাজ করার সময় দূর থেকে হরিণটিকে আসতে দেখি। পরে কয়েকটি কুকুর হরিণটিকে তাড়া করলে এটি দৌড়ে গিয়ে একটি জালে আটকে পড়ে। পরে সেখান থেকে ছাড়িয়ে দিলে হরিণটি মোস্তফা ফরাজির বাড়ির পুকুরপাড়ে গিয়ে আশ্রয় নেয়।
মোস্তফা ফরাজি জানান, হরিণটি কোথা থেকে এসেছে তা বলতে পারছি না। কুকুরের তাড়া খেয়ে এটি আমার বাড়ির পুকুরপাড়ে এসে আটকে পড়ে। পরে আমি তাৎক্ষণিকভাবে বনবিভাগসহ স্থানীয়দের খবর দেই। এরপর বনবিভাগ এসে হরিণটি উদ্ধার করে নিয়ে যায়।
এ বিষয়ে বন বিভাগের জ্ঞানপাড়া বিট কর্মকর্তা সুরজিৎ চৌধুরী বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বনবিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে হরিণটি উদ্ধার করেছে। বর্তমানে হরিণটি কিছুটা অসুস্থ রয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা শেষে সেটিকে সুন্দরবনে অবমুক্ত করা হবে।
তিনি আরও জানান, হরিণটি কোনো চোরাকারবারির মাধ্যমে এলাকায় আনা হয়েছিল কিনা, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে এবং কোনো ব্যক্তি জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।









