সোমবার | ৬ জুলাই, ২০২৬ | ২২ আষাঢ়, ১৪৩৩

বেগমগঞ্জে তরুণকে কুপিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার

নোয়াখালীর বেগমগঞ্জে চাঁদা দাবি করে না পেয়ে তরুণ জোবায়ের হোসেন ওরফে রাকিব (২৩)কে নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

রোববার (৫ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত। এর আগে শনিবার দুপুর পৌনে ১টার দিকে রাজধানীর রামপুরা ও বাড্ডা থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের রফিকের ছেলে সুমন এবং একই গ্রামের আলী আহমেদের ছেলে পিয়াস। নিহত রাকিব সৌদি প্রবাসী মো. হানিফের ছেলে। তিনি ঢাকা ও নোয়াখালীর বিভিন্ন শপিংমলে চাকরি করতেন।

র‍্যাব জানায়, খানপুর গ্রামে রাকিবের বাবা ও চাচা যৌথ মালিকানাধীন জায়গায় একটি পাঁচতলা ভবন নির্মাণ করছিলেন। নির্মাণকাজকে কেন্দ্র করে আসামিরা রাকিবের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। তবে রাকিব চাঁদার টাকা এনে দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়।

এরই জেরে গত ৩০ মে রাতে রাকিব বাড়ি ফেরার পথে শরীফপুর ইউনিয়নের পাকমুন্সিরহাট এলাকায় পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা তাকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনায় নিহতের মা বাদী হয়ে বেগমগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাব-১১-এর কোম্পানি কমান্ডার মো. মুহিত কবীর সেরনিয়াবাত জানান, গ্রেপ্তার দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকার হাতিরঝিল থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD