যশোর জেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের নেতৃত্বে শহরে বের করা হয় বর্ণাঢ্য বিজয় মিছিল। এতে অংশ নেন শহরের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, সাংস্কৃতিক সংগঠন, পেশাজীবী সমাজ এবং সাধারণ জনগণ। “গণতন্ত্রের জন্য লড়ি, নতুন বাংলাদেশ গড়ি”এমন নানা স্লোগানে মুখরিত হয় যশোরের রাজপথ।
পরে গণঅভ্যুত্থানের বীর শহিদদের প্রতি বকুলতলায় নির্মিতব্য শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদনে অংশ নেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহান, যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, বিএনপি নেতা মিজানুর রহমান খানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
প্রসঙ্গত, গত বছরের এই দিনে ঢাকার রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে সারা দেশে ছাত্র-জনতার সক্রিয় অংশগ্রহণে শুরু হয় দুর্নীতিবিরোধী, মানবাধিকার-সচেতন গণআন্দোলনের এক নতুন অধ্যায়। মাত্র কয়েক দিনের মধ্যে এই গণজোয়ার শেখ হাসিনার দীর্ঘ একনায়কতান্ত্রিক শাসনের পতনের দিকে ঠেলে দেয় দেশকে। সেই অভ্যুত্থানই পরবর্তীতে ‘নতুন বাংলাদেশ’ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করে।









