রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর যাওয়ার ঘটনায় প্রত্যেক পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সেই সাথে ভুক্তভোগী পরিবারের জন্য আগে ঘোষিত অন্যান্য সুযোগ-সুবিধাও বহাল থাকবে।
রোববার (৭ জুন) ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের যৌথ আলোচনায় এই ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন দুই পক্ষের মধ্যে মধ্যস্থতাকারী আইনজীবী শিশির মনির।
এর আগে গতকাল শনিবার আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ মারা যাওয়া নবজাতকদের পরিবারকে আজীবন বিনা মূল্যে চিকিৎসাসহ ক্ষতিপূরণ, শিক্ষাসহায়তা এবং চাকরির প্রস্তাব দেয়।
উল্লেখ্য, গত ২৭ মে ভোরে হাসপাতালটির পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে কয়েকঘণ্টার ব্যবধানে পর্যবেক্ষণে থাকা ৬ নবজাতক মারা যায়।
এই ঘটনায় সরকারি তদন্তের প্রতিবেদন নিয়ে গত বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ওই সময়ে চিকিৎসক না থাকা, নার্স, স্টাফ ও হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলাজনিত কারণ স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে।









