লালপুর (নাটোর) প্রতিনিধি: অনেক আশা আর স্বপ্ন নিয়ে পুকুরপাড়ে কলাগাছের আবাদ করেছিলেন কৃষক মো. সজিব আলী (৩২)। দীর্ঘদিনের পরিশ্রম, বিনিয়োগ আর পরিচর্যায় গাছগুলো বড় হয়ে উঠছিল। অপেক্ষা ছিল ফলন পাওয়ার। কিন্তু সেই স্বপ্নে যেন রাতারাতি আঘাত হেনেছে দুর্বৃত্তরা। রাতের আঁধারে তাঁর পুকুরপাড়ের প্রায় ১০০ থেকে ১৫০টি কলাগাছ কেটে ও ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় এক থেকে দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।
শনিবার (২১ নভেম্বর) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, পুকুরপাড়জুড়ে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে কাটা ও ভাঙা কলাগাছ। কোনো গাছ গোড়া থেকে কাটা, আবার কোনোটি ভেঙে ফেলা হয়েছে। একসময়ের সবুজ কলাবাগান এখন পরিণত হয়েছে ক্ষতিগ্রস্ত জমিতে। ঘটনাটি ঘটেছে নাটোরের লালপুর উপজেলার আরবাব ইউনিয়নের বোয়ালিয়াপাড়া গ্রামে।
ক্ষতিগ্রস্ত সজিব আলী ওই গ্রামের মো. বাদশা আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নিজের পুকুরপাড়ে কলাগাছের আবাদ করে আসছিলেন। এসব গাছের পেছনে তাঁর অনেক টাকা ও শ্রম ব্যয় হয়েছে। গাছগুলো ফলন দেওয়ার উপযোগী হয়ে উঠলেও দুর্বৃত্তদের এমন কর্মকাণ্ডে তাঁর সব পরিশ্রম মাটি হয়ে গেছে।
ক্ষতির কথা বলতে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে সজিব আলী বলেন, ‘আমি অনেক কষ্ট করে এই পুকুরটি ও কলাগাছগুলো আবাদ করছি। এগুলোর পেছনে আমার অনেক টাকা খরচ হয়েছে। একসঙ্গে এতগুলো গাছ কেটে ফেলায় আমি প্রায় নিঃস্ব হয়ে পড়েছি। আমার সঙ্গে পূর্বের কোনো শত্রুতা থেকে কেউ এ ক্ষতি করেছে বলে মনে হচ্ছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
তিনি জানান, দুর্বৃত্তদের এ কর্মকাণ্ডে তাঁর আনুমানিক এক থেকে দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। এই ক্ষতি কাটিয়ে ওঠা তাঁর জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।
স্থানীয়দের ধারণা, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে রাতের আঁধারে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। তবে কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘এখনো পর্যন্ত এ ঘটনায় লিখিত কোনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
পরিশ্রমের ফসল এভাবে নষ্ট হওয়ায় হতাশায় ভেঙে পড়েছেন কৃষক সজিব আলী। তাঁর দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনা হোক।









