বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় উপড়ে ফেলতে চান বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান। আজ দুপুরে যশোর জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের উদ্বোধন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগের স্বাধীনতার প্রসঙ্গ উঠলেই মাসদার হোসেনের উদাহরণ দেয়া হয়। তার মত দুর্নীতিগ্রস্ত বিচার বিভাগ গড়তে চাই না। বিচার বিভাগের দুনীর্তির সব শিকড় তুলে আনতে চাই।
তিনি বলেন, বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার কমিশন, বিচার বিভাগীয় সচিবালয় আইন ও ‘জুলাই সনদ’ নিয়ে বিভিন্ন মহল প্রশ্ন তুলছে। এসব বিষয়ে সরকার যাচাই-বাছাই করে সংসদে বিল আকারে আইন প্রণয়ন করবে।
আইনমন্ত্রী আরো বলেন, বিএনপি ‘জুলাই সনদ’ অস্বীকার করছে—এমন অভিযোগ সঠিক নয়। তবে জুলাই সনদ আদেশের সাংবিধানিক ও আইনি ভিত্তি নেই বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষায়, ১৯৭৩ সালের পর রাষ্ট্রপতির এ ধরনের আদেশ দেয়ার ক্ষমতা নেই।
জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে আলোচনা সভায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম উপস্থিত ছিলেন।









